আমাদের কথা খুঁজে নিন

   

৫ টাকা দিয়ে ইয়া বড় একটা ইলিশ মাছ ও ৩-৪ টাকার তরকারি কিনে বাসায় ফিরতাম !

لا إله إلا الله محمد رسول الله হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি । বাবার চাকুরির সুবাদে ছোট বেলার কয়েকটা বছর নোয়াখালীর হাতিয়া দ্বীপে কাটিয়ে ছিলাম । সাল মনে নেই তবে ১৯৮৭ হতে পারে ।

বাবার অফিসের পিছনে আমার স্কুল ছিল । ক্লাস ওয়ান এ পড়ি । মাঝে মাঝে স্কুল ছুটির পর বাবার অফিসে যেতাম তখন বাবা ১০ টাকা হাতে দিয়ে বলতেন বাসায় যাবার পথে যেন কিছু মাছ-তরকারি নিয়ে যাই । খুব ছোট হলেও কমন কিছু বাজার আমি তখনই করতে পারতাম । তাই বাসায় যাবার পথে বাজারে গিয়ে ৫ টাকা দিয়ে ইয়া বড় একটা ইলিশ মাছ ও ৩-৪ টাকার তরকারি কিনে বাসায় ফিরতাম ! তারপর ও ১-২ টাকা আমার লাভ থাকত ! আহা আমার নিজেরই তো বিশ্বাস হচ্ছেনা ! প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষে নানাবাড়ি যেতাম ।

নানাদের কয়েকটা ইলিশ মাছের নৌকা ছিল । সন্ধ্যার পর ওড়ায় ওড়ায় মাছ আসা শুরু হত । দেখতে দেখতে পুরো উঠোন ইলিশ মাছে ভরে উঠত । আস-পাশের মহিলারা সারা রাত ভর মাছ কুটে লবন দিয়ে মাটির ভাড়ে রাখত । পরে চালান দেওয়া হতো ।

একবার নানাদের মাঝিদের সাথে ইলিশ মাছ ধরা দেখতে মেঘনা নদীতে গেলাম । সারাদিন মাছ ধরা দেখলাম, কত্তো ইলিশ ! কিন্তু একটাও জ্যান্ত ইলিশ দেখলামনা, বড়ই আফসোস ! ভাবলাম দুপুরে ইলিশ রান্না হবে মজা করে ইলিশ খাব কিন্তু মাঝিরা রান্না করল শুটকি মাছ । তারা নাকি ইলিশ খেতে পারেনা ! তবে জ্যান্ত ইলিশ দেখার শখ আল্লাহ ঠিকই পুরন করেছেন ,সেটা মেঘনায় নয় সিলেটে কুশিয়ারা নদীতে ! বড়ই আজব ! খুব ভোরে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, জেলেরা লম্বা সুতার জাল টানছে । দেখা গেল ২টা ইলিশ মাছ ইঠে এসেছে ! মাছ দুটা নড়া-চড়া করছে ! চারদিকে প্রচুর মানুষ জমে গেল ! সাথে সাথে বেশি দামে বিক্রি হয়ে গেল । এমন ও সময় গেছে বাজারে যাওয়ার সময় মা বারবার নিষেধ করে দিতেন ভুলেও যেন ইলিশ মাছ না আনি ! আর বাজারে গেলে ইলিশ মাছের গন্ধ খুব খারাপ লাগত !তখন হত দরিদ্র মানুষেরা সারা সাম জুড়ে ইলিশ মাছ খেত ! হা হা হা সবই আষাঢ়ে গল্প মনে হচ্ছে ! একেকটা ইলিশ ২০০০-২৫০০ টাকাও হয় ভাবা যায় ।

তবে জেলেরা এখনও বড় বড় ইলিশ খায়, আমার দেখা অনেক জেলে শুধু ইলিশ মাছ বেচে আজ অবস্হাপন্ন ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।