অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালো হয়নি।
মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আনামুল হকের দল।
ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৫ বলে ১০৬ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। জবাবে ২০ ওভার ১ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসের শুরুটাও ভালো হয়নি।
রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে আনামুল হকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে বিদায় নেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাশও (১৫)।
তৃতীয় উইকেটে সালমান হোসেনের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে সাজঘরে ফেলেন অধিনায়ক আনামুল (৩৪)। এরপর অবশ্য আর কোনো উইকেট পড়েনি। সালমান (৩৭*) ও আসিফ আহমেদ (১৬*) চতুর্থ উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সহজ জয় এনে দেন।
এর আগে ব্যাট করতে নেমে আবু জায়েদের তোপের মুখে ২৩ রানেই সাজঘরের পথ ধরেন স্কটল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যান।
চতুর্থ উইকেটে রস ম্যাকলিন (২৯) ও ফ্রেডি কোলম্যানের (২১) ৪৪ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দলটির স্কোর দাঁড়ায় ৬৭/৩। সেখান থেকে নাসুম আহমেদের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৩৯ রানেই শেষ ৭ উইকেট হারায় স্কটল্যান্ড।
২১ রানে ৪ উইকেট নিয়ে নাসুমই বাংলাদেশের সেরা বোলার।
জায়েদ ২১ রানে নেন ৩ উইকেট।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ও রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে নামিবিয়ার বিপক্ষে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।