আমি যদি বিত্তবানের সন্তান হতাম;
তাহলে হয়ত এই সমৃদ্ধ বাংলা শব্দমালার করুণ ব্যবহার করতাম না ।
হয়ত এই বাংলার অজস্র শব্দ হতে কিছু মধুর শব্দ নির্বাচন করে-
লিখে ফেলতাম কোন প্রেমের কিংবা কামের আখ্যান ।
হয়ত সেখানে নারী আর মদ
অথবা উচ্চ বিলাসী কোন মাতালের গল্প লিখতাম মাতাল রসে !
কোন সমৃদ্ধ দেশ যদি আমার হত ;
নিশ্চয় সেই উন্নত আবহাওয়ার বদৌলতে-
একঘেয়েমি বিলাসী জীবন যাপন করতাম ।
শ্বেত চর্মের বিলাসী ঠোটের হাসির মায়াজাল ছেড়ে
মাঝে মাঝে উড়াল দিতাম তোমাদের এই-
নিন্মভূমির দিকে- সমাজ সেবার নামে কিছু করে দেখাতাম !
হয়ত তখন কোন ব্যর্থ সাহিত্যিক হওয়ার বদলে
স্বার্থক কোন প্রতিষ্ঠান প্রধান কিংবা
কোন বেহায়া নির্লজ্জ মডেলের সফল প্রেমিক !
আপসোস!
জন্ম আমার এক জীর্ন বৃত্তের ভিতরে,
যেখানে অভাব আর মানুষ
আড়াআড়ি বসবাস করে ।
সে বৃত্তের ভিতরে বসে কিছু লিখলে,
কেবলই অভাব মিশ্রিত করুণ রস ভরা-
কাব্য চলে আসে ।
যেখানে মানুষ সর্বদাই ছুটন্ত অশান্ত থাকে,
বন্ধুর পথ চলতে চলতে যখন
বড্ড বেশী ক্লান্ত লাগে;
তখনই চিৎকার করে তৃপ্তস্বরে বলে উঠে
"জন্মই আমার আজন্ম পাপ'' । *
গর্ব আমার !
জন্ম হল আমার এই দুখিনী বাংলা
মায়ের আঁচল তলে ।
যে মাকে চল্লিশ বসন্ত আগে রক্তিম সূর্যের
লালটিপ দিয়ে,
দ্রিম দ্রিম দামামা বাজিয়ে,
রীতিমত ঘটাকরে দীর্ঘ নয় মাসের-
হাসি কান্নার অনুষ্ঠান করে,
নিয়ে এলাম তার নিষ্ঠুর প্রতিপালক থেকে ।
আমি সেই মায়ের গর্বজাত সন্তান ।
আমি সেই বিজিতা মায়ের সন্তান ।
দুঃখ আমার,
আমি সেই দরিদ্র পিরীত দুখী মায়ের সন্তান ।
তাই তো রচে যাই করুণ শব্দমালায়-
বাংলা মায়ের দুঃখ ভরা আখ্যান ।
কৃতজ্ঞতা -*''জন্মই আমার আজন্ম পাপ''- কবি দাউদ হায়দার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।