আমাদের কথা খুঁজে নিন

   

৫ হাজার মিটারের বেশি গভীরে অভিযান চালাল চীনের সাবমেরিন ।

গভীর সাগরে অভিযানের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো চীন। চীনের একটি মিনি-সাবমেরিন তিন নাবিক নিয়ে পাঁচ হাজার মিটারের বেশি গভীরে সাফল্যের সঙ্গে অভিযান চালাতে সক্ষম হয়েছে। জিয়ায়োলোং নামের এ মিনি-সাবমেরিনটি আজ প্রশান্ত মহাসাগরের পাঁচ হাজার ৫৭ মিটার গভীরে অভিযান চালায়। চীনা উপকথার কল্পিত সাগর ড্রাগনের নামে এ সাবমেরিনের নাম রাখা হয়েছে। চলতি মাসের ২১ তারিখে তিন জন নাবিক নিয়ে প্রশান্ত মহাসাগরের চার হাজার ২৭ মিটার গভীরে অভিযান চালিয়েছিল এ সাবমেরিন।

জাপানের শিনকাই সাবমেরিন ১৯৮৯ সালে সাড়ে ছয় হাজার মিটার গভীরে অভিযান চালিয়েছিল। চীন অবশ্য এখনো সে রেকর্ড স্পর্শ করতে পারেনি। তবে চীনের জিয়ায়োলোং ডুবোজাহাজটি সাত হাজার মিটার গভীরে পৌঁছানোর মতো ক্ষমতাসম্পন্ন করে বানানো হয়েছে বলে বেইজিং'এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। চীনের ওসেনিক অ্যাডমিনিস্ট্রেশন আগামী বছর সাত হাজার মিটার গভীরে পৌছানোর চেষ্টা করবে বলে ঘোষণা করেছে। গত ২১ তারিখের অভিযানের মাধ্যমে তাত্ত্বিক দিক থেকে চীন বিশ্বের প্রায় সব গভীর সাগরে অভিযান চালানোর মতো যোগ্যতা অর্জন করেছে বলে চীনা কর্তৃপক্ষ দাবি করেছে।

এ পর্যন্ত চীনসহ বিশ্বের মাত্র পাঁচটি দেশ গভীর সাগরে অভিযান চালানোর ক্ষমতা অর্জন করেছে। সাগর তলের খনিজ অনুসন্ধানের লক্ষ্যে ২০০২ সালে বানানো হয়েছিলো জিয়ায়োলোং'কে। এই সাবমেরিন প্রতি বর্গ মিটারে পাঁচ হাজার টন সমপরিমাণ চাপ সহ্য করতে পারে । ২৬ জুলাই (রেডিও তেহরান): ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।