আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ,এগিয়ে যাও…

ভাল্লাগেনা নষ্ট শহরের নষ্ট নোংরামি...

বাংলাদেশ। কখনো তা একটি নাম, কখনো একটি দেশ, কখনো একটি জাতি, কখনো কোটি প্রাণের নিঃশ্বাস। যার সত্য ইতিহাস হার মানায় পুরাণের হিংস্রতা;যার রক্তভেজা ইতিহাস জন্ম দেয় আরেক ধর্মগ্রন্থে্র। মায়ের শেখানো ভাষা যখন কেড়ে নিতে চেয়েছে ওরা- জোর করে চাপিয়ে দিতে চেয়েছে দুর্বোধ্য,অর্থহীন,অস্পৃশ্য মরুদেশের কাঁটাছেড়া বুলি- রক্ত টগবগে লাখো তরুণ রাস্তায় নেমেছে সেদিন। বুকের রক্ত বিলিয়ে দিয়েছে নির্বিকার;তবু মায়ের সম্মানে পড়তে দেয়নি এতটুকু টান।

সেদিন যখন চোখের সামনে মৃত বাবার ক্ষত-বিক্ষত লাশ দেখেছে স্কুলের গণ্ডী পার হতে না পারা সেই ছোট্ট শিশুটি- তীব্র অপমান বুকে জড়িয়ে ঘরের কোণে জীবন্মৃত বোনটিকে পড়ে থাকতে দেখেছে দিনের পর দিন- যখন চোখের সামনে মায়ের হাতে্র শুভ্ররঙা শাঁখা রক্তে ভিজে লাল হতে দেখেছে সে- থেমে থাকেনি সে। কপালে বেঁধে মায়ের সেই রক্তভেজা শাড়ীর আঁচল-যুদ্ধে নেমেছে সে’ও। নির্দ্বিধায় সেদিন শত্রুর বাংকারে ঝাঁপিয়ে পড়েছে অস্ত্রহীন;দুর্বার সাহসে- মেশিনগানের কয়েকশো বুলেটে নিজের শরীর ছিন্নভিন্ন করে প্রমাণ করেছে মায়ের সম্ভ্রম তার কাছে কতটা দামী। স্বজন হারানো লাখো-কোটি জনতার নিঃশ্বাসে ভারী হয়েছে সেদিন বাংলার প্রতিটি গ্রাম,প্রতিটি শহর। মায়ের মতন মাটি তারা লাল করেছে লাখো হানাদারের রক্তে; দেশের মাটির প্রতিটি কণার বিনিময়ে বাজী রেখেছে নিজের জীবন ।

রক্ত তাদের বৃথা যায়নি- শত্রুর কাছ থেকে সেদিন তারা ছিনিয়ে এনেছে স্বাধীনতা। আজো লক্ষ প্রান জেগে উঠতে দেখি এ বাংলার বুকে- দুর্নীতিবাজ সরকার যখন প্রহসন করেছে বাপ-দাদার ভিটা নিয়ে,বসে থাকতে পারেনি তাদের কেউ। লাঠি,দা নিয়ে প্রবল আন্দোলনে চুরমার করে দিয়েছে স্বৈরাচারী ইস্পাতকঠিন দৃঢ়তা। ফেলানীর মত তরুণ প্রাণ যখন শতচ্ছিন্ন হয়ে ঝুলে থেকেছে শকুনী প্রতিবেশীর কাঁটাতারের বেড়ায়- সরকার চুপ থাকলেও পারেনি শিক্ষিত লাখো মানুষ। হাজারো বুদ্ধিজীবী,ছাত্র পত্রিকা,ব্লগে লেখনি দিয়ে উন্মাতাল করেছে বিশ্ব- রাস্তায় নেমেছে হাজারো কৃষক,শ্রমিক সাথে করে।

পৃথিবীর কাছে জানিয়ে দিয়েছে ভদ্র চেহারার তথাকথিত মিত্রের আসল রূপ। বৃথা যেতে দেয়নি তবু ছোট্ট বোনটির রক্ত… এ জাতির ইতিহাস তুচ্ছ নয় মোটেও। শত্রুর হুঙ্কারের জবাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেছি সর্বদা। বিনিময়ে কেড়ে এনেছি প্রাপ্যটুকু। আজ কোটি প্রাণের মুখপাত্র করে এগারোটি সোনার ছেলেকে আবারো পাঠিয়ে দিচ্ছি আমরা শত্রুর রণাঙ্গনে।

জানি,বাঘের মতন হুঙ্কার করে শত্রুর কাছ থেকে জয় ছিনিয়ে আনবে তারা, সাথে বিশ্বকে জানিয়ে দেবে জাতি হিসেবে আমাদের দৃঢ়তা। তোমরা এগিয়ে যাও। কেবল জেনো তোমাদের প্রতিটি হৃদস্পন্দনের সাথে কেঁপে উঠবে কোটি বাঙালির হৃদয়, তোমাদের চোখের ঝিলিকই আলো দেখাবে গোটা পৃথিবীর একুশ কোটি বাঙালীকে। পিছু ফিরো না- বাঙালী যুদ্ধের ময়দানে একা নামেনি কখনো, একুশ কোটি প্রাণ তোমাদের উৎসাহ দেবে… মহিউদ্দিন ইমরান। ১৯ ফেব্রুয়ারী,২০১১


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।