আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে জিডি



সাধারণ ডায়েরি (জিডি) বা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে আর থানায় দৌড়াতে হবে না। ইন্টারনেট সংযোগ থাকলে এখন ঘরে বসেই জিডি বা অভিযোগ দায়ের করা যাবে। তবে আপাতত শুধু রাজধানীবাসীই এ সুযোগ পাচ্ছেন। পর্যায়ক্রমে দেশের সব থানা এলাকার লোকজনই এ সুযোগ পাবেন। পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে অনলাইনে অভিযোগপত্র দায়ের করার নতুন এই প্রকল্প (বন্ধু পুলিশ) গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে অনলাইনে উত্তরা থানায় একটি অভিযোগপত্র দায়ের করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর ৪১ থানায় 'বন্ধু পুলিশ' কার্যকর হবে। http://www.police.gov.bd ওয়েবসাইটের Citizens Help request (CHR) ক্লিক করে নির্ধারিত থানায় অভিযোগ করা যাবে। আপাতত অনলাইনের মাধ্যমে পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ দলিল হারানো, বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য দেওয়া যাবে।

ছিনতাইয়ের শিকার ব্যক্তি যারা তারাও অভিযোগ করতে পারবেন। জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘি্নত হওয়ার আশঙ্কা আছে_এমন কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য দেওয়া যাবে পুলিশকে। গৃহপরিচারিকা, দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ বা পলায়ন সম্পর্কে তথ্য ছাড়াও নতুন বা পুরনো ভাড়াটিয়া সম্পর্কে অনলাইনে তথ্য দেওয়া যাবে। উদ্বোধনশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে এ প্রকল্প শুরু করা হলো।

স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার বলেন, এ প্রকল্পে সাফল্য পাওয়া গেলে পর্যায়ক্রমে দেশের সব থানায় এ পদ্ধতি চালু করা হবে। ডিএমপি কমিশনার শহিদুল হক বলেন, অনলাইনে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী সময় অনলাইনে অভিযোগের অগ্রগতি জানা যাবে। বুধবার উত্তরা থানায় এবং বৃহস্পতিবার থেকে রাজধানীর অন্য সব থানায় এ কার্যক্রম চালু করা হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।