আমাদের কথা খুঁজে নিন

   

মিলন-পিপাসা


এই সন্ধ্যার ফিরতি স্রোতের ভিড়ে তুমি কোথাও নেই যে স্রোতের বাঁশী আবার আরেকটি ভোরের সুর তোলে। তুমি কি তবে গভীর রাতের দীর্ঘশ্বাসের ভেতর বিষণ্ণ সেতু হ’য়ে এই চোখের অলক্ষ্যে দাঁড়িয়ে থাকো- আমারও থেকে বহুদূরে? ঐ দূরের ছায়ায় যখন তুমি গান গেয়ে ওঠো তখন সম্পূর্ণভাবে পাই তোমাকে আর যখন কণ্ঠের নৈ:শব্দচারীতায় একেবারে নীরব থাকো তখনও তোমাকে চিনে উঠতে পারি পুরোপুরি বিশ্বস্ততায়। কিন্তু স্রোতের ঘূর্ণন থেকে ধূসর পায়ে উঠে যখন কথা বলে ওঠো তখন তোমাকে যে কি অচেনা লাগে এমনই অচেনা - যেন আমি নিজেকেও চিনতে পারিনা। তবু স্রোতের ভিড়ে আমাদের খুঁজে নিতে হয় পরস্পরকে নিজের আয়নার ভেতর দাঁড়ানো যে - যদি তার মুখ হয়ে যায় অচিন অন্যের আয়নায় তখন মানুষ খুঁজে ফেরে আত্ম-প্রতিকৃতি। ভিড়ের ছায়ায় যখন গ্রাস করে একাকী বিষণ্ণতা আকাশ তখন তুলে ধরে তাকে- তার অসীম-নির্জন আয়নায়।

যদিও নিজেকে নিজে হারিয়ে ফেলা অচিন মেঘের ভিড়ে তবু সেই মেঘই তো সাগর থেকে এনেছে দারুন বর্ষা রোদের তীব্র প্রেমের সকাশে - নিজের ছায়ায় সাথে নিজের দারুন খেলা। তুমি ঝ’রে যাবে অধ:পাতের নেশায় - আমার ফসলী ক্ষেতে আর সোনালী বীজ তোমার করতলে সঁপে - হয়ে যাবো তোমার মায়াবী মায়া। এই অগণন স্রোতের ভিড় আর জাগায় না কোন মায়া তুমি যে এখানে নেই - আর সত্যি তোমাকে চাইনিও এখানে। ইশারায় আমাকে ডেকে তুলে - নিজেকে ঢেকে রেখেছো অধরামাধুরীর আবরণে। মেঘ আর মাটির ভেতর মিলনের যে অদৃশ্য কামনা নৈ:শব্দের ভেতর যে নি:শব্দের আলোড়ন সেসব দিনমান শুনে শুনে মহাসাগরের দুই অচিন ঢেউ বালুকাবেলায় আঁছড়ে প’ড়ে - দুই আজ হয়েছে আবার সেই একটিমাত্র ঢেউ।

আমি এই ভোরের কাছ থেকে সজল অশ্র“ নিয়ে তোমাকে ভেজায় - তুমি বৃষ্টিতে ভিজে আনন্দে নাচো আমার বিষাদের অশ্র“জল; তোমার আনন্দের নাচে মিলেমিশে একাকার তোমার হাসির আড়ালে আমি কান্না হ’য়ে - দুই আজ হই আবার এক।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।