এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
মনে করুন কোন সার্জন রোগীর অপারেশন করছেন, তার হাতে রয়েছে ছুরি কাঁচি, তিনি ব্যস্ত রোগীর শরীরে সেই ছুরি কাচির ব্যবহারে। একই সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠছে রোগীর শরীরের যাবতীয় সব তথ্য।
এজন্য তাকে ঘাড়টি পর্যন্ত নাড়াতে হচ্ছে না। তাকাতে হচ্ছে না আশপাশে থাকা কোন মনিটরের দিকে।
রোগীর শ্বাস প্রশ্বাস, রক্তচাপের গতি সব কিছু তিনি দেখতে পাচ্ছেন চোখ নাড়ানোর সঙ্গে সঙ্গে। এসব কথা ভাবলেই মনে পড়ে যায় স্টার ট্রেক কিংবা টার্মিনেটর ছবির কথা। যেখানে নায়ক কিংবা ভিলেন কারো দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠছে ওই লোক সম্পর্কে সব তথ্য।
এবার সেরকম কিছু করে দেখাতে যাচ্ছেন জার্মানির বিজ্ঞানীরা৷ জার্মানির ড্রেসডেন শহরে অবস্থিত ফ্রাউনহফার ইন্সটিটিউট ফর ফটোনিক মাইক্রোসিস্টেমস বা আইপিএমএস এর গবেষকরা হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডিকে আরো উন্নততর করে তুলেছেন। সাধারণত জেট প্লেনের পাইলটরা এই ধরণের এইএমডি ব্যবহার করে থাকেন৷ তবে এসব এইচএমডি আকারে বড়, ভারী এবং ব্যয়বহুল৷ তবে নতুন আবিষ্কৃত এইচএমডি হবে আকারে ছোট এবং হালকা, এমনটি জানালেন আইপিএমএস এর কর্মকর্তা ড. মিশায়েল শোলেস।
তিনি বলেন, নির্মাণ কাজ এবং চিকিৎসা এই দুই ক্ষেত্রে নতুন যন্ত্রের ব্যবহার সম্ভব হবে।
এই আধুনিক এইচএমডিতে থাকবে নতুন প্রযুক্তির ডাটা আই গ্লাস। তারই মধ্যে রাখা থাকবে ১৯ বাই ১৭ মিলিমিটার আকারের একটি কম্পউটার চিপ। এই ক্ষুদ্রাকার কম্পিউটার চিপ সহজেই বসানো যাবে ডাটা আইগ্লাসের মধ্যে। ফলে যিনি এই আই গ্লাস ব্যবহার করবেন তিনি তার চোখের এক মিটার সামনে সব ধরণের তথ্য দেখতে পাবেন।
চক্ষুগোলকের অবস্থান পর্যবেক্ষণ করার সঙ্গে সঙ্গে সামনে থাকা সেই ভার্চুয়াল স্ক্রিনেও পরিবর্তন আসবে। যেমন যিনি এই ডাটা আইগ্লাস ব্যবহার করছেন তিনি চোখ ডানে নাড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভার্চুয়াল স্ক্রিনের পাতাও পাল্টে যাবে। পেইজ স্ক্রল করা জন্য চোখের আইবল অর্থাৎ চোখের গোলক ঘোরালেই চলবে। ড. মিশায়েল শোলেস বলেন, নতুন এই ডাটা আইগ্লাসের ফলে অনেক কিছুই সম্ভব হবে। যেমন রোগীর অপারেশন করার সময় তার যাবতীয় প্রয়োজনীয় তথ্য, এক্স রে ছবি সার্জনের সামনেই থাকবে।
প্রকৌশলী কোন নির্মাণ প্রকল্পে কাজ করার সময় সেই প্রকল্পের সব ধরণের মানচিত্র তার সামনে ভেসে উঠবে। ড. শোলেস আরো জানিয়েছেন, তারা এই আইগ্লাসকে আরো উন্নত করার চেষ্টা করছেন যাতে বাস্তব জগতের পাশাপাশি ভার্চুয়াল ছবিও সংযুক্ত থাকবে।
তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।