সকল অন্ধকারের হোক অবসান
আর কতো দীর্ঘ হবে রাত?
আর কতো- কালো জলে মিশে যাবে চোখের জল?
আর কতোবার, আর কতোভাবে আমাদের ফেটে পড়তে হবে বিক্ষোভে,
এক-ফোঁটা-ভালো-করে-বেঁচে-থাকার জন্য?
কখনো জলপাই রঙে রক্তের দাগ মুছে, কখনো বা পিচকালো রাজপথে
লাশেদের অতিক্রম করে- আর কতো রঞ্জিত হতে হতে দাঁড়াতে থাকবে আমাদের তথাকথিক "শান্তির স্বপ্ন"??
যে স্বপ্নে বিভোর হয়ে, সাক্ষাৎ করেছেন ফেরেসতাদের সঙ্গে
আমাদের রাজ্যের প্রধান সেনাপতি,
যে স্বপ্নে মসনদে আসীন হয়েছেন রাজ-বাহাদুর-
সে স্বপ্ন কি খেটে খাওয়া দিনমজুর আমজাদ আলির স্বপ্নের মতো?
সে স্বপ্ন কি এখনো আকাশের রঙ না দেখা শিশু হৃদয়ের মতো?
নাকি সে স্বপ্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক তারেক আজিজের মতো?
সে স্বপ্ন কি, উদাস করা বিকেলের আকাশে এক টুকরো রংধনু?
সে স্বপ্ন কি শেষ রাত্রির ঘুমে ঠোঁটের কোনে ঈষৎ হাসির রেখা?
নাকি সে স্বপ্ন কেবলই হত্যাকারীর স্বপ্ন? আগ্রাসী রাজ্যের নৃপতির যেমন
লোলুপ লালিত স্বপ্ন থাকে, সেরকম?? এই স্বপ্নকেই কি মানুষ প্রতিদিন
উড়তে দেখে- আকাশ ছেয়ে- সূর্য ঢেকে- বিশাল ডানায়-
তাদের মাথার ওপর? এজন্যই কি শেষ হয় না সংঘাত??
আর কতো দীর্ঘ হবে রাত?
আর কতো গভীরে যাবে, আমাদের এই অবিরাম সম্পাত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।