আজ দুপুরবেলা অনেকক্ষন কবি শহীদ কাদরী আপনার কবিতার বই পড়লাম। জানেন তো এই পরবাসী জীবনে বই কতটা আপন!প্রিয়জনের মত আগলে রাখি বইগুলোকে।
৭/১২/২০০৩ এ বন্ধু কবি আহমেদ নকীব পল্লব দেশ থেকে কিছু বই পাঠিয়েছিলো। তার মধ্যে একটি হলো আপনার কবিতার বই।
শিরোনাম,"শহীদ কাদরীর কবিতা।
"
ও লিখেছিলো......"সাজিকে
সুস্হ সুন্দর জীবনের জন্য".......পল্লব।
ও জেনে গিয়েছিলো জীবনের বড় এক পরীক্ষার মুখোমুখী আমিও তখন। ও জেনেছিলো সুস্হতা হলো সুন্দর জীবনের প্রথম শর্ত।
ক'দিন থেকেই ব্লগে,পত্র-পত্রিকায় আপনার অসুস্হতার খবর। প্রার্থণা করছি ভালো হয়ে উঠুন।
পৃথিবীতে আপনার মত কবিদের উপস্হিতি বড় বেশি প্রয়োজন।
আপনার লেখা,"একটি উত্থান পতনের গল্প"......কবিতাটা দারুণ লাগলো। অনেক বার পড়লাম,"দাঁড়াও আসছি "কবিতাটা। হঠাৎ খুব মন খারাপ হলো আমার। আপনার নির্বাসিত জীবনের কোন লেখা পড়া হয়নি বলে মন খারাপ হ'তে লাগলো।
এত কাছে থেকেও।
নির্বাসিত জীবনকে আপনি অনেক বেশী উপলদ্ধি করেছেন...অনেক দিন।
কবি আপনাকে বলছি.....হৃদয়ের তাবৎ ইচ্ছাশক্তি দিয়ে যুদ্ধ করে জেগে উঠুন। এত প্রিয় শরীর মনের কথা শুনবেনা তা কি হয়?আপনার মনোজগতের সমস্ত অভিলাষ একত্রিত করে সব অসুস্হতাকে ছাপিয়ে উঠুন কবি।
আপনের চোখে দেখা সকাল,দুপুর,বিকাল ,সন্ধ্যাতে আরো লেখা আসুক।
আপনি সবার মধ্যে বসে থেকে জমজমাট রাজনৈতিক আলোচনার ফাঁকে ,অথবা স্বাস্হ্য সম্পর্কিত আলোচনার ফাঁকে লিখতে থাকেন কবিতা।
দোয়া করি আপনি সুস্হ্য হয়ে উঠেন।
আপনি সেরে উঠুন।
নড়ে উঠুন।
কথা বলতে শুরু করুন।
আপনার জন্য অপেক্ষায় আছে আপনার প্রিয়জনেরা।
আপনার বন্ধুরা......এবং অনেক অনেক পাঠকেরা।
জানেনতো একটাই জীবন!তাহলে এত সকালেই কেন চুপ হয়ে যাবেন?কথাহীন আপনাকে মানাচ্ছে না ।
জাগুন কবি।
প্রার্থণায় সমবেত হয়ে আপনাকে ডাকছি।
অনেক সূর্যোদয়,সূর্যাস্ত পার হয়ে যাচ্ছে....উঠে পড়েন। মানুষ আমরা খুব কম জনই শতায়ুকে ছাপাতে পারি।
আপনি শতায়ু হন কবি।
একটা ম্যাজিক হোক।
আপনি সুস্হ হয়ে আবার ফিরে আসেন.....জীবনের জয়গানে।
শহীদ কাদরীর কবিতা...
"বোধ"
(মাহবুব হাসান কে)
শালিক নাচে টেলিগ্রাফের তারে,
কাঁঠাল গাছের হাতের মাপের পাতা
পুকুর পাড়ে ঝোপের উপর আলোর হেলাফেলা।
এই এলো আশ্বিন,
আমার শুন্য হলো দিন
কেনো শুন্য হলো দিন?
মহাশ্বেতা মেঘের ধারে-ধারে
আকাশ আপন ইন্দ্রনীলের ঝলক পাঠায় কাকে?
ছাদে-ছাদে বাতাস ভাঙে রাঙা বৌ-এর খোঁপা
এই এলো আশ্বিন,
আমার শুন্য হলো দিন
কেনো শুন্য হলো দিন?
শিউলী কবে ঝরেছিলো কাদের আঙিনায়
নওল-কিশোর ছেলেবেলার গন্ধ মনে আছে?
তরুণ হাতের বিলি করা নিষিদ্ধ সব ইস্তেহারের মত
ব্যতিব্যস্ত মস্তো শহর জুড়ে
এই এলো আশ্বিন,
আমার শুন্য হলো দিন
কেনো শুন্য হলো দিন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।