দ্যা ব্লগার অলসো.....
খুব সকালে মোবাইলের কর্কশ অ্যালার্মে ঘুম ভাঙলো। ঘড়ি দেখে
ভাবি, আর পাঁচটা মিনিট ঘুমাই। সেই পাঁচ মিনিটেই কম্ম সাবাড়। ডিউটির টাইম এই পেরুলো বলে! তাড়াহুড়ো করে বিছানা ছাড়লাম, দ্রুত পেস্ট সাবান নিয়ে বাথরুমে। আরো দ্রুত বাথরুম সেরে কোনরকমে প্যান্ট-শার্ট ছাপিয়ে গাড়ির জন্য দৌড়।
তারপর গাড়িতে করে সাইটে। সেখানে উদয়াস্ত পরিশ্রম শেষে ক্লান্ত-শ্রান্ত হয়ে বাড়ি ফেরা। ভুল বললাম, বাড়ি নয়,রুমে ফেরা। দুপুরের খাবার বানানোর তোড়জোড় শেষে কোনরকমে চারটা খেয়ে বিছানায় গা এলিয়ে দেওয়া। বিকেলে উন্নত বিশ্বের ততোধিক উন্নত দেশ আরব-আমিরাতের আলো-ঝলমলে শহরটা ঘুরে-ফিরে দেখা।
নেটে বসে ব্লগারদের সাথে নিজের ভাবনা শেয়ার করা এখন অবসর কাটানোর জন্য ভালো মাধ্যম। তবে প্রতিদিন বসা হয়না।
তারপর ফোনে পরিবারের সাথে কথোপোকথন। তাদের নানা আবদার। সবশেষে অতি প্রিয় বন্ধুটি যখন জিজ্ঞেস করে-দোস্ত, বাড়ি কবে আসছিস?'
তখন আপনাতেই চোখ ভিজে আসে জলে।
বাড়ি, সেতো এখন একটি স্বপ্নের নাম! ছোট ভাই-বোনগুলোকে মানুষ করতে হবে, উপযুক্ত বোনটিকে বিয়ে দিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে; কতো কাজ!
যখন সব দায়িত্ব শেষ করে বাড়ি যাবো, তখন সেই বন্ধুটি হয়তো থাকবেনা। থাকবেনা, চিরচেনা সেই পরিবেশ। সেই কথা ভেবেই চোখ ভিজে যায় জলে.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।