আমাদের কথা খুঁজে নিন

   

তিন বছরে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে সাড়ে ৪ কোটি সেবা

চার বছরে পা রাখল দেশের চার হাজার ৫১৬টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি)। তিন বছরে এসব তথ্য ও সেবাকেন্দ্র থেকে প্রায় সাড়ে চার কোটি সেবা প্রদান করা হয়েছে। এসব সেবা প্রদান করে উদ্যোক্তার মোট উপার্জন ১৩০ কোটি টাকার ওপরে। গতকাল রোববার অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তিনির্ভর নানা রকম সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির অর্থায়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির যৌথ উদ্যোগে তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয়।

২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলার চর কুকড়ি মুকড়ি থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে একযোগে সব ইউআইএসসি উদ্বোধন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে সাড়ে তিন কোটির বেশি জন্ম নিবন্ধন, বিদেশ গমনেচ্ছু প্রায় ২০ লাখ মানুষের নিবন্ধন এবং সাড়ে চার লাখ জমির দলিলের নকল বা পর্চা পাওয়ার কাজ হয়েছে। প্রতিটি সেবাকেন্দ্রে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি একাধিক নারী-পুরুষ বিকল্প উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। ইউআইএসসির মাধ্যমে ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পর দেশের সব সিটি করপোরেশনের ৪০৭টি ওয়ার্ডে ও সব পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একই ধরনের তথ্য ও সেবাকেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে।

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।