আমাদের কথা খুঁজে নিন

   

যৌথ সামরিক কার্যক্রম স্থগিত করল ইন্দোনেশিয়া

প্রেসিডেন্টের মুঠোফোনে আড়ি পাতার জের হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক ক্ষেত্রে সহযোগিতা স্থগিত করেছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট সুসিলো বামাবাং ইউধোইয়োনো গতকাল বুধবার বলেছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে মানব পাচার রোধে অভিযান, যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করা হলো। তিনি আরও বলেন, মুঠোফোনে আড়ি পাতার অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের কাছে চিঠি লিখবেন।
আড়ি পাতার জেরে গত সোমবার ক্যানবেরা থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনে জাকার্তা। পরদিন ইউধোইয়োনো ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর, তাঁর স্ত্রী ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর মুঠোফোনে আড়ি পেতে দুই দেশের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে’ ক্যানবেরা।


ক্যানবেরায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গতকাল জাকার্তায় বৈঠকের পর ইউধোইয়োনো বলেন, ‘এখনো আমাদের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে কি না নিশ্চিত নই। এমন অনিশ্চয়তার মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়। ’ পররাষ্ট্রমন্ত্রী মারতি নাতালেগাওয়া বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের শুধু পর্যালোচনাই করছি না, বরং ইতিমধ্যেই দুই দেশের লেনদেন সীমিত করা শুরু করেছি। ’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইতিমধ্যে দুঃখ প্রকাশ করলেও ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন। অ্যাবটের ক্ষমা চাওয়া উচিত কি না—এই প্রশ্নে অস্ট্রেলিয়ার গণমাধ্যম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।

এএফপি ও বিবিসি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।