আমাদের কথা খুঁজে নিন

   

৪৮ ঘণ্টার অবরোধ শুরু

সারা দেশে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দেশের কয়েকটি স্থানে রেলপথে নাশকতা এবং বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত এ অবরোধ চলবে।

‘প্রহসনের একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার’ প্রতিবাদে গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। গত সন্ধ্যায় আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি তফসিল স্থগিতের দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, প্রহসনের একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করায় ১৮-দলীয় জোটের আন্দোলন নতুন পর্যায়ে উপনীত হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্য কর্মসূচি দেওয়া হবে। এর পরপরই গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে।

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে অবরোধ সমর্থকেরা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয়।

এতে একটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে, আর দুটি বগি আংশিক পুড়ে গেছে।

ময়মনসিংহে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় হাওর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নেত্রকোনার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার ইমামবাড়ি রেলস্টেশনের সিগন্যালসহ রেল লাইন উপড়ে ফেলেছে অবরোধকারীরা।

এ ছাড়া কসবা উপজেলা সদরের নেয়াপাড়া এবং বায়েক ইউনিয়নের সালদা নদী এলাকায় রেল লাইনের স্লিপার উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে আজ সকালে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেতু দিয়ে খুব কম যানবাহন চলছে। সকালে রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলতে দেখা গেছে।

সকাল আটটা পর্যন্ত ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনালে ২৭টি লঞ্চ এসেছে।

চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে ৫টি লঞ্চ। তবে যাত্রী ছিল খুবই কম। অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

রাজশাহীতে সকাল পৌনে সাতটির দিকে তিনটি স্থানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যে নগরীর মালোপাড়া এলাকায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

 

 

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।