আমাদের কথা খুঁজে নিন

   

ই-বুক : “রাজনীতির মুখোশ ও মনুষ্যত্বের বিকাশ” পিডিএফ ফাইলটি পড়ুন ও ডাউনলোড করুন

মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস।

বইটি প্রকাশিত হল এ ঠিকানায়। পিডিএফ ফাইলটি পড়ুন, অথবা ডাউনলোড করে রেখে দিন।

পরে সময় নিয়ে পড়ুন, সমালোচনা করুন, বন্ধুদের এর কপি দিন। রাজনীতির মুখোশ ও মনুষ্যত্বের বিকাশ বইটি কেন ই-বুক হিসেবে প্রকাশিত হল? কারণ অনেক। এর মধ্যে একটি হচ্ছে, প্রকাশকগণ কথা ঠিক রাখেন না। দ্বিতীয়, কিছু কাজ হওয়ার পরও শেষ পর্যন্ত একজন প্রকাশকের সঙ্গে চুক্তি বাতিল করেছি এজন্য যে, এটি দিয়ে ব্যবসা করার ইচ্ছে আমার নেই। তাই আপাতত কাগজে প্রকাশের তেমন প্রয়োজনবোধ করছি না।

যখন আল্লাহ তৌফিক দিবেন, নিজের পয়সায় প্রকাশ করে সমালোচক-বন্ধু-পরিচিতজনদের মাঝে বিলি করব। হোক তা অল্প, তবু পাঠকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এতে সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। টাকা আমার উদ্দেশ্য নয়, বিভিন্ন শ্রেণিপেশা ও মন-মানসিকতার মানুষের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতাই মুখ্য। কেউ যদি এটি দ্রুত কাগজে প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং নিঃস্বার্থভাবে সহযোগিতা করতে চান, সেটাও বিবেচ্য। তবে কে কেন সহযোগিতা করতে চান সেটা তাকেই ভালোভাবে ভাবতে হবে।

কারণ তিনি হয়তো এর বিনিময়ে আমার নিকট থেকে ধন্যবাদটাও পাবেন না, উল্টো তাকে বিভিন্নভাবে সমালোচনা করব, ধরব। বাণিজ্যিক উদ্দেশ্যে প্রিন্ট আকারে কোনো বই প্রকাশিত না হলে দেশ-বিদেশের সর্বশ্রেণির পাঠকের হাতে সেটি তুলে দেয়া প্রায় অসম্ভব। তা সত্ত্বেও বাণিজ্যিকভাবে এটি প্রকাশ করব না- এ সিদ্ধান্তে আমি অটল। কারণ সেক্ষেত্রে হাজার হাজার কপি বই দেশ-বিদেশে প্রচার করতে পারলেও এবং যশ-সম্মান-খ্যাতি ও আর্থিকভাবে লেখক লাভবান হলেও “সমাজ পরিবর্তন ও মনুষ্যত্বের বিকাশের মূল লক্ষ্য” ব্যহত হয়। অন্যদিকে গুটিকতক মানুষ- যারা সমাজ পরিবর্তনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তাদের নিকট বিনামূল্যে পৌঁছে দেয়া লেখকের নৈতিক দায়িত্ব।

সত্য বা জ্ঞানের কোনো বিষয় আর্থিক ও জাগতিক স্বার্থে ব্যবহৃত হতে পারে না। যদি হয়, তবে সমাজ-রাষ্ট্র ও মানবতার বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। যা আজ আমরা দেখতে পাচ্ছি। তাই এ সামান্য ত্যাগ কিছুই নয়। তবু যদি আমাদের মানসিকতায় কিছুটা হলেও পরিবর্তন আসে সেটা বিরাট কিছু অবশ্যই।

অনেকেই বলেন, লেখালেখি করে কী হবে? অথচ তাদের সঙ্গেও পরিচয় এবং ঘনিষ্ঠতা এই লেখালেখি দিয়েই। তাছাড়া চিন্তা ও মতের মিল-অমিলগুলো শেয়ার না করে, চিন্তার জগৎ ভালোমতো গঠন না করে কাজ শুরু করা উচিতও নয়। ব্যাপক পড়াশুনা ও চিন্তাভাবনা করে যে লেখাগুলো হবে, এর মাধ্যমে চিন্তা ও ভাব-বিনিময় অনেক সজতর হবে। জানা-বুঝা ও উপলব্ধির জগৎ সমৃদ্ধ হবে, ভাবনা-চিন্তাগুলো সাজানো-গোছানো হবে। এর উপকারিতা বলে শেষ করা যাবে না।

তবে আমাদের পারস্পরিক বাস্তব সাক্ষাৎগুলো অবশ্যই এড়িয়ে যাবার কারণ নেই। কেননা দুটোর সমন্বয় না ঘটলে সবই ব্যর্থ। বাংলাদেশের সাম্প্রতিক সংকট ও ভবিষ্যৎ সম্ভাব্য মানবিক বিপর্যয় মোকাবেলায় এ মুহূর্তেই অপরিহার্য নতুনধারার রাজনৈতিক সংস্কৃতির চর্চা ও গড়ে তোলা, প্রয়োজন জ্ঞানভিত্তিক সমাজ গঠন, মানসিক শক্তির উন্নয়ন, বিকাশ ও দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। এতে প্রাথমিকভাবে বা দীর্ঘ একটা সময় পর্যন্ত কাউকে দেখানোর মতো কিছু হোক বা না হোক; অন্ততপক্ষে নিজের অভিজ্ঞতা, মানসিক প্রশান্তি ও জ্ঞানের বিকাশ হবে নগদ প্রাপ্তি। আত্মসমালোচনাকেন্দ্রিক এ চিন্তা ও কার্যক্রমে আপনাদের পাশে চাই।

“প্রসঙ্গ কথা”য় বইটি সম্পর্কে প্রয়োজনীয় অনেক কিছুই বলা হয়েছে। পাঠকগণকে অনুরোধ করব আগে তা পড়ে নেয়ার জন্য। তাড়াহুড়ো করে বইটি সম্পাদনার কারণে অনেক ত্রুটি থাকা স্বাভাবিক। পরবর্তীতে সময় পেলেও অলসতার কারণে দ্বিতীয়বার সম্পাদনা করা হয়নি। আশা করি দ্বিতীয় সংস্করণে এ সমস্যা কাটিয়ে উঠব।

আপাতত বইটি পাঠকদের নিকট পেশ করছি, চলমান আর্থ-সামাজিক ও মানবিক ভয়াবহ বিপর্যয়, রাজনৈতিক সংকট-সংঘর্ষ, জীবন দর্শন সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তিপূর্ণ মতবাদ প্রভৃতি সমস্যার সূত্রে সামগ্রিকভাবে সামন্য কিছু বার্তা দেয়া যায় কি না। কতটুকু দিতে পারলাম কি পারলাম না তা বিচারের ভার পাঠকদের ওপর। যদি কিছু বার্তা এতে থেকে থাকে তাহলে আশা করব এটি আপনারা শেয়ার করবেন,অথবা গঠনমূলক সমালোচনা তো অবশ্যই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।