আমাদের কথা খুঁজে নিন

   

১৭ জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ মার্চ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে।

প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছরের ৮ ডিসেম্বর এই ১৭ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়।

শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় সাত সেট প্রশ্নের মধ্যে ‘হোয়াংহো’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয় বলে তদন্তে প্রমাণ মেলে।

ওই দুই সেটে পরীক্ষা হওয়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরীক্ষা বাতিল করা হয়।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আলমগীরের নেতৃত্বে গঠিত চার সদস্যের তদন্ত কমিটির প্রিতিবেদন অনুযায়ী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

 

গত ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারি শিক্ষক নিয়োগে এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।

পরীক্ষার আগের রাতে দেশের বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। বেশ কয়েকটি সেটের প্রশ্নে ওই পরীক্ষা নেয়া হয়।

প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় এ পরীক্ষার মাধ্যমে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাদে দেশের অন্য সব জেলা থেকে শিক্ষক নিয়োগ করা হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।