লাখো দর্শকের ঢল নামল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চারপাশে। কারো হাতে টিকিট আছে, কারো হাতে নেই। বিসিবি সেলিব্রেশন কনসার্ট দেখার ইচ্ছে নিয়ে এলেও শেষ পর্যন্ত অনেকইে থাকতে হলো স্টেডিয়ামের বাইরে। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্ট ক্রিকেটভক্তদের মধ্যে ছড়িয়ে দিল আইসিসি টি-২০ বিশ্বকাপের উন্মাদনা।
সংবাদটা ছড়িয়েছিল আগেই।
অস্কারজয়ী ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমান আসছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্টেজ মাতাতে। গতকাল বিসিবি সেলিব্রেশন কনসার্টে এ আর রহমান গাইলেন যুবা ছবির বিখ্যাত গান 'ফানা' এবং 'চালে চলো'। তার সুরের ছন্দে ছন্দে ভক্তরা মোহগ্রস্ত হয়েছিল। তবে এখানেই শেষ নয়। ভারতীয় বিখ্যাত সঙ্গীত শিল্পী জাভেদ আলী গেয়েছেন রানঝানা ছবির 'তুম তাক' গানটি।
উদিত নারায়ণ গেয়েছেন লগন ছবির 'আজারে' গান। এর আগে বাংলাদেশের সঙ্গীত তারকা অর্ণব ৩টি, ব্র্যান্ড সোলস ৩টি ও এলআরবি ৫টি গান পরিবেশন করে। সন্ধ্যা ছয়টা ৩৯ মিনিটে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই কনসার্টের মূল কার্যক্রম শুরু হয়।
২০১১ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে বিদেশি সাংবাদিকরা উচ্ছ্বসিত কণ্ঠে বলেছিলেন, 'ওয়েল ডান বাংলাদেশ। ' সেই উদ্বোধনী অনুষ্ঠান ছিল ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সেরা অনুষ্ঠান।
সমালোচকদের দৃষ্টিতে বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরই ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের স্থান। গতকাল আইসিসির আনুষ্ঠানিক কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। তবে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গানের সুরে, আতশ বাজির বর্নিল ছটায় গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম দৃঢ় কণ্ঠে জানিয়ে গেল টি-২০ বিশ্বকাপের খবর। ভক্তদের মধ্যে ছড়িয়ে দিল ক্রিকেট উন্মাদনা।
গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করেন। তিনি তার বক্তৃতায় সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, 'বিশ্বকাপে বিশ্বসেরা তারকারা খেলবেন। তাদের খেলার স্মৃতি ক্রিকেট ভক্তদের মনে অম্লান থাকবে। ' এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং উপমন্ত্রী আরিফ খান জয়।
আইসিসি টি-২০ বিশ্বকাপের পঞ্চম আসর ১৬ মার্চ থেকে শুরু হবে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়েই যাত্রা করবে বিশ্বকাপ। টুর্নামেন্টে দুই পর্বে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।