চট্টগ্রাম নগরীর ষোলশহরের চশমা হিল এলাকা থেকে গত বৃহস্পতিবার বিকালে সদ্যোজাত কন্যা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিনা উর্মি।
সেসময়ে টিউশনিতে যাচ্ছিলেন উর্মি। শিশুটিকে পেয়ে ভর্তি করান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। চিকিৎসকের সেবায় সুস্থ হয়ে ওঠে শিশুটি।
উর্মি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে ওই অবস্থায় দেখে খুব খারাপ লাগে।
ও তো মানব সন্তান। আমার চোখের সামনে একটা মানুষ মারা যাবে সেটাতো হতে পারে না। তাই এগিয়ে এসেছি। ”
উর্মির দুইবন্ধু চবি অর্থনীতি চতুর্থ বর্ষের ওমর ফারুক, ইংরেজি চতুর্থ বর্ষের কাজী সিয়ামুজ্জামান বর্ষণ এবং স্থানীয় এক পথশিশু তাকে এ কাজে সহায়তা করেন।
উর্মি এ শিশুটির নাম রেখেছেন ‘নিধি’, যার অর্থ কুড়িয়ে পাওয়া সম্পদ।
বৃহস্পতিবার রাতে এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে নিধিকে কোলে নিয়ে একটি ছবি ও স্ট্যাটাস দেন তিনি।
ওই স্ট্যাটাসে লেখেন, “নালায় ফেলে যাওয়া একদিনের বাচ্চাটাকে মেডিকেল নিয়ে গেলাম। অশেষ ধন্যবাদ ময়লাওয়ালা, ওমর, বর্ষণকে যারা আমাকে অনেক সাহায্য করেছে বাচ্চাকে বাঁচাতে। নাম দিয়েছি নিধি। ”
এরপর শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই যোগাযোগ করেন।
খোঁজ মেলে নিধিকে দত্তক নিতে আগ্রহী দম্পতিরও।
নিধির জন্য বাবা-মা খুঁজে পাওয়ার বিষয়টিও স্ট্যাটাসে জানানো হয় এভাবে- “আমরা অসংখ্য আগ্রহী পরিবারের মধ্য থেকে নিধির জন্য একটি সম্ভ্রান্ত এবং সুযোগ্য দম্পতি বেছে নিয়েছি। যারা নিধিকে বুকে টেনে নিচ্ছেন। ”
নিধির ভবিষ্যত নিয়েও ভেবেছেন উর্মি ও তার বন্ধুরা।
ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব খোঁজ নিয়ে নিশ্চিত হয়েই নিধিকে ওই দম্পতির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি।
কিন্তু নিধির ভবিষ্যতের কথা চিন্তা করে ওই দম্পতির কোনো তথ্য আমরা প্রকাশ করতে চাই না। ”
ওমর ফারুক বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন নিধি সুস্থ আছে। রোববারই নতুন বাবা-মায়ের কাছে যাবে নিধি। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।