আমাদের কথা খুঁজে নিন

   

ঢিল ওপরে ছুড়লে নিচে নামে

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছেন, নির্বাচন কমিশনকে গালাগালি করার অধিকার বিএনপির নেই। বিএনপি সম্পর্কে এক দিন আগে তাঁর নিজের করা একটি তির্যক মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ‘ঢিল ওপরের দিকে ছুড়লে প্রকৃতিগত নিয়মেই তা নিচের দিকে নামে। ’


আজ সোমবার উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে কমিশন কার্যালয়ে ব্রিফিং দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, কয়েকটি কেন্দ্র ছাড়া বাকি সবখানেই শান্তিপূর্ণ ভোট হয়েছে।


নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বিতর্কের শুরু গতকাল রোববার।

ওই দিন আবদুল মোবারক বলেন, ‘আইচ্ছা মানলাম যে কমিশন জিরো। কিন্তু এই জিরোর অধীনে তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতেছেন তো, নাকে খত দিচ্ছেন তো। আর কী কতা?’ এর পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবদুল মোবারককে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

রিজভীর আহ্বানে সাড়া দিয়ে তিনি বক্তব্য প্রত্যাহার করবেন কি না, তা সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক দল বিএনপি সারা বছর গালাগালি করবে, এটা হতে পারে না। সারা বছর গালাগালির অধিকার কারও নাই।

ইসিতে যাঁরা কাজ করেন, তাঁরা বাংলাদেশের নাগরিক, তাঁরাও (বিএনপি নেতারা) বাংলাদেশের নাগরিক। ঢিল ওপরের দিকে ছুড়লে প্রকৃতিগত নিয়মেই তা নিচের দিকে নামে। ’

নির্বাচনের ফলাফল সম্পর্কে মোবারক বলেন, আজকের উপজেলা নির্বাচনে ৫ উপজেলায় ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে। অন্যান্য জায়গায় ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সারা দেশের ৭৩ উপজেলায় ভোট গ্রহণ শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের কোথাও অপমৃত্যু ঘটে নাই।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।