আমাদের কথা খুঁজে নিন

   

ভুল করেছো

সই করতে গিয়ে মেয়েদের মতো ফুপিয়ে উঠল আলআমিন। আলআমিন আমার সেই ছোটভাই। প্রথম বাক্যে যা বলা হলো তা নিয়ে জেন্ডার সংবেদনশীল কিংবা নারীর প্রতি অবমাননা হতে পারে। হলেও বলি, বিচ্ছেদের ওই নীলকাগজে স্বাক্ষর করার সময় আলআমিন তোমার নিজের নামখানির বানান নিজেই ভুল করেছো। ভুল করেছো, তুমি যেমন দেখেছো, রেজিস্টার সাহেব দেখেছেন, উপস্থিত আমরা সকলেই দেখেছি।

তোমার কোমল মনে কত বড় একটা শক বয়ে গেছে-তা অনুধাবন করার মতো উপলব্ধি আমাদের আছে, আবার নেইও। তোমার স্বাক্ষরের পরে রিমি করেছে। তার দৃঢ়পায়ে অগ্রসর হওয়া, কলম ধরা এবং স্বাক্ষর করার পুরো বিষয়টিও পর্যক্ষেণ করেছি। না, সেখানে কোন দুর্বলতা আমি দেখিনি; তোমার বন্ধু অ্যাডভোকেটও তা দেখেনি। বুঝেছি, তোমার ভেতরটা নরম কাদা দিয়ে তৈরি।

ওরটা আগুনে পোড়ানো লোহা, কঠিন ইস্পাত। আলআমিন, ছোটভাই আমার, যার যায় সেইই বোঝে। আমরাও তোমার কষ্টের সহযোগী। সামান্য অনুভূতিসম্পন্ন যেকোন মানুষই এ থেকে ব্যতিক্রম হওয়ার নয়। তিন বছর পার করলে তো, ভালবাসার পাঁচ বছর! এই তোমার ভালবাসা! তোমার দিকে তাকিয়ে সে কি একবার তাকিয়ে দেখেছে তার অতীতকে? না তাকায়নি; বিশ্বাস করি, এসব ভাববার সময় তার এখন নেই।

এসব কথা ভেবে তার আগামী জীবনের লক্ষ্যকে সে নস্যাৎ করতে চায় না। তুমি কি তার কথা ভেবে সময় নষ্ট করবে ? না কি নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হবে- সিদ্ধান্ত তোমার। তুমি এগিয়ে যাবে তোমার কাক্সিক্ষত লক্ষ্যের দিকে। সেজন্য যা যা করার তাই করবে, করতে হবে। ভালবাসার শক্তি অফুরান।

সেই শক্তিকে অনুৎপাদনশীল খাতে ব্যয় করার কোন মানে নেই। কোন মানে নেই, তোমার পেছনের স্মৃতিকে আকড়ে সামনের পথকে বাধাগ্রস্ত করার। সামনে তোমার জাজ্বল্যমান আগামী উঁকি দিচ্ছে। কী করোনি তার জন্য ! বুকে হাত দিয়ে বলো, তার জন্য এক সেমিস্টার পেছাওনি তুমি ? সাহচর্য পেতে শত বাঁধা পেরিয়ে অগ্রসর হওনি তার ডেরায় ? আজ তার কী ফল এলো? এতদিনের ভালবাসা, আবেগ অনুভূতি সবকিছু কেমন দু’পায়ে মাড়িয়ে গটগট করে চিরজীবনের বন্ধন কেমন এক নিমিষে নিভিয়ে দিলো মেয়েটি। ভাল ছাত্রী হলেই যে মানুষ হিসেবে ভাল হবে- এমন কথা নেই।

ভাল মানুষ হতে কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়তে হয়- এমন কথা কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভাল মানুষের জন্য দরকার তার পরিবার, তার পরিবেশ। তার স্বজনদের জানি; মানুষ এত স্বার্থপর হতে পারে-এদের না দেখলে বিশ্বাস করা খুব কষ্টের হতো। জানলাম, মেয়েটি মাস্তান টাইপের এক ছেলেকে পুনর্বার বিয়ে করেছে। আজকের ঘটনার পর, এই বিষয়ে তোমার আর কোন কথা থাকতে পারে না।

যে মেয়ে তোমার ভালবাসাকে জিম্মি করে এতদিন তোমার কাছ থেকে কেবল টাকা পয়সা, গয়নাগাটি আর গিফট নিয়েছে-এখন হত্যা করতে নতুন বরের সহায়তা চাইছে-তাকে কীভাবে তুমি আপন ভাবো ? ঠা-া মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নাও। পারলে ডিলিট করো সেইসব স্মৃতি। ভুলে যাও, এক দৌড়ে যশোর আসার কথা। ভুলে যাও ফ্যান্টাসি কিংডম, ভুলে যাও ঢাকার রেস্তোরায় আলো-আঁধারির ক্ষণ, ভুলে যাও সবকিছু। নতুন করে স্বপ্ন জাগাও।

এখানে থাকবে শুধু পড়াশোনা আর এগিয়ে যাওয়ার গল্প। যে ভুল করেছো, তা থেকে শিক্ষা নেবার এখনই সময়। তোমার সেই পথ সুশীতল হোক, ছন্দময় হোক নতুন পথচলা-সুবাসিত সুন্দরের আশায়- তোমার ভাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।