আমাদের কথা খুঁজে নিন

   

কুশলাদি জানিও.....

আমি একজন অতিসাধারণ মানুষ, স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন আছে বলেই এখনও বেঁচে আছি প্রিয় শহরে, অধিক প্রিয় বৃষ্টিভেজা সন্ধ্যায় কেউ একজন একাকি হেঁটে যায় বহুদূর... এইতো সেই ধূলিমাখা শহর সেখানে বেড়ে উঠেছে তাঁর স্বপ্নেরা। জীবনের তীব্রতা নয় মনের আর্দ্রতা আজ গভীরভাবে ছড়িয়ে পরেছে। ক্রমাগত যান্ত্রিক হতে হতে কোথায় যেন একমুঠো খেয়ালি আবেগ থমকে থামে, পিছু ফিরে দেখে নেয় ফেলে আসা পথ...কোথাও কি কেউ থাকবে বলেছিলো? তবে আর থামা কেন, এ পথচলা হয়ে উঠুক অবিরত। তারপর কেটে গেছে ঢের বছর, উন্মত্ত সময় বদলে দিয়েছে চারপাশ, যা কিছু নতুন তার সবকিছুই কি আরোপিত? কিছু কি নেই নেই বাকি যা কিছু খুব আকাঙ্ক্ষার? দূর্বিসহ প্রহরের অদ্ভুত নিরবতায় যদি মনে পরে প্রিয় কোন সাঁঝের স্মৃতি যেখানে মৃদু বৃষ্টির ফোঁটা ছুয়ে যায় জীবনের অনেক অনেক রঙ বদলে দেবার প্রত্যয়ে তবে এক প্রহরে কুশল জানিও। না হয়, ছোট্ট একটি চিরকুট ছুড়ে দিও বহু দূরে নাম না জানা কোন এক গাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদীর বুকে, আমি মোহনার জলে পড়ে নেব সেই ভালো থাকার মন্ত্র..কুশল জানিও কি বলবে সেখানে, ইচ্ছে হলে জেনে নিও জানালার পাশে শিউলির ডালে নিত্য বসা শালিকের কাছ থেকে- কতটুকু আবেগ ধরে তার ঠোঁটে; পেয়ারার ডালে নতুন কুঁড়ি দেখে পাড়ার কৌতুহলি শিশুদের মনে যে উপচে পড়া আনন্দ দেখা যাচ্ছে তার দু'এক ফোঁটা সযতনে তুলে নিয়ে গেঁথে দিও সেই চিরকুটে। পরসমাচারে কুশলাদি জানিও। ঝিঝিপোকার ডাকের সাথে রাত নেমে এলে, ঝিলের ধারে একপা তোলা সাদা বকটি নীড়ে ফিরতে কেন দেরি করলো তার একটি বিস্তারিত কৈফিয়ত চাইতে পারো, পাদটীকায় কুশলাদি জানিও... প্রতিবাদ জানাতে পার বইমেলা থেকে কেনা তোমার প্রিয় কবি'র কবিতার বইয়ে নিজের কবিতা লিখেছিলাম বলে; পরিশেষে কুশলাদি জানিও। আমার ছোট ছোট দুঃসাহসকে জমিয়ে রেখে একদিন শিখড় ছোঁয়ার বাসনা মনে রেখে কুশলাদি জানিও..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.