বাংলাদেশি পোশাক বয়কট সমস্যার সমাধান এনে দিতে পারে না। বরং শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে ভোক্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।
আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) আয়োজিত এক কর্মশালায় পোশাকশিল্পের সমস্যা নিয়ে আলোচনার সময় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, পশ্চিমা বিশ্বের ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক বয়কট করলে দেশের পোশাক খাত ধ্বংস হয়ে যাবে। এতে হাজার হাজার শ্রমিকের জীবন হুমকির মুখে পড়বে।
আইবিএসের সেমিনারকক্ষে আজ সকাল ১০টায় আয়োজিত ‘আইবিএস কর্মসূচিসমূহের গবেষণা দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক দুদিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
‘বয়কটই কি বাংলাদেশের পোশাকশ্রমিকদের জন্য ভোক্তাদের সর্বোত্কৃষ্ট উপায়’ শীর্ষক উদ্বোধনী অধিবেশনে প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেলি ফেলম্যান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইবিএসের পরিচালক অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ।
শেলি ফেলম্যান বলেন, নারীদের স্বল্প মজুরিতে গার্মেন্টস খাতে কর্মসংস্থান করে পশ্চিমা বিশ্বের কাছে বলা হয়, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে। অথচ অতি অল্প মজুরি দিয়ে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সাভারে ভবনধসের জন্য দায়ী করে শুধু দুই একজনকে শাস্তি দিলেই সমস্যার সমাধান নয়। বরঞ্চ শ্রমিকদের জন্য নিরাপদ ভবন নির্মাণের জন্য ভবন নির্মাণ নীতিমালার অনুসরণ নিশ্চিত করতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।