ভাল লিখা পড়তে পছন্দ করি........
ভালো রকম অবহেলার সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘চিরবিতর্কিত’ শোয়েব আখতার। বিশ্বকাপ ক্রিকেটের মাঝপথে নিজের অবসরের কথা সংবাদ সম্মেলন করে জানালেও বিশ্বকাপের মঞ্চ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগ তাঁর হয়নি। কারণ ফিটনেসের অজুহাত দেখিয়ে টিম ম্যানেজমেন্ট যে তাঁকে আর মাঠে নামারই সুযোগ করে দেয়নি।
বিশ্বকাপের পর পাকিস্তানে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে শোয়েব আখতারের মতো একজন তারকাকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু খবরে প্রকাশ পাকিস্তান দলই নাকি কেবল আনুষ্ঠানিক বিদায়ের জন্য কোনো ‘আনফিট’ খেলোয়াড়কে সুযোগ দিতে চায় না।
অনেক খেলোয়াড়ও নাকি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ ব্যক্তিগত আচরণে এতটাই ক্ষুব্ধ যে তাঁরা তাঁকে পাকিস্তান দলের ত্রিসীমানা’র ভেতর দেখতে চান না।
তবে ঘরোয়া ক্রিকেটে শোয়েবের দল করাচি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি শোয়েব আখতারকে বিদায় জানাতে চায় সম্মান ও আবেগঘন আনুষ্ঠানিকতার সঙ্গে। সে লক্ষ্যে তাঁরা পিসিবির কাছে দাবি জানিয়েছেন শোয়েবকে আনুষ্ঠানিকতার সঙ্গে বিদায় জানানোর জন্য আন্তর্জাতিক মঞ্চের চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না।
রাওয়ালপিন্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনও শোয়েব আখতারকে আনুষ্ঠানিক বিদায়ের পক্ষপাতি। সংস্থাটির সভাপতি নাঈম আকতার পাকিস্তানের একটি সংবাদপত্রকে জানিয়েছেন, ‘শোয়েব পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে।
বিদায় বেলায় একটি আনুষ্ঠানিক সম্ভাষণ তাঁর প্রাপ্য। ’
নাঈম আকতার পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও একজন পরিচালক। তিনি বলেছেন, পিসিবির পক্ষ থেকেও শোয়েব আখতারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। তবে সেটা কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না বলেই তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, ম্যাচটি একটি বেনিফিট ম্যাচ এবং ওটা জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের মাঝেই অনুষ্ঠিত হবে।
সেখানে পাকিস্তানের সব ক্রিকেট অধিনায়ক ও সাবেক ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। জুন-জুলাইয়ের দিকে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ইসলামাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অবশ্য জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচ ছাড়া শোয়েবের জন্য যেকোনো বিদায় ম্যাচ মেনে নেওয়া তাঁদের জন্য একটু আপত্তিরই।
‘পাকিস্তান দলের জার্সি গায়েই শোয়েব ক্রিকেটকে বিদায় জানাক—এটাই আমরা চাই। যদি কোনো টেস্ট দল শোয়েবের বিদায় ম্যাচ খেলতে পাকিস্তান না আসে, তাহলে সেটা দুবাই অথবা আবুধাবিতেও আয়োজন করা যেতে পারে।
মোটকথা একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের বিদায়টা আন্তর্জাতিক অঙ্গনেই হওয়া উচিত। ’ ইসলামাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান শাকিল আহমেদ শেখ এমন কথাই বলেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।