আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামি আন্দোলন অপ্রাসংগিক বিষয় নিয়ে হচ্ছে কেন?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

হে ইসলাম ইসলাম করিয়া প্রাণ বিসর্জনে প্রস্তুত আমাদের পাক্কা ঈমানদার দ্বীন-ই আলেম ভাই-বেরাদারগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের ইসলামী আন্দোলনে প্রাণ সঞ্চারের জন্য আপনারা ইদানিং নারী নীতি লইয়া পড়িয়াছেন। নারী জিনিশটাই সর্ব ব্যাপারে – হোক ধর্মে হোক অ-ধর্মে, সর্ব সময়েই আকর্ষণীয় একটি ব্যাপার।

তাহারা জনসংখ্যার অর্দ্ধেক হইলেও তাহাদের ঘরে পুরিয়া রাখিয়া আপনারা সমাজের এবং দেশের উন্নয়নের কি নীতি লইবেন, তাহা আমাদের মত লোকেদের নিকট পরিস্কার নহে। যেহেতু কুর’আনে পরিস্কার করিয়া উল্লেখ করা হইয়াছে শিক্ষা গ্রহন করা নারী-পুরুষ সবার জন্যই ফরজ, সেহেতু নারী শিক্ষার ব্যাপারে আপনাদের গৃহীত পদক্ষেপ কি হইবে তাহাও আপনাদের আন্দোলনে কিলিয়ার নহে। সমাজ গঠনে আপনাদের কোন উৎসাহমূলক কাজ দেখা যায় না। ইসলামের মত একটি আধুনিক ধর্ম শুধুমাত্র আপনাদের হাতে পড়িয়া মৃত হইতে চলিয়াছে। ইসলামের মর্মবাণী আপনারা আপনাদের মত সংকীর্ণ ভাবে উপস্থাপন করিয়া ধর্মটির তো বারোটা বাজাইয়াছেনই, সেই সাথে আমাদের যুব শ্রেণীকেও সার্থকভাবে ধর্ম-বিমুখ করিয়া দিয়াছেন।

আপনারা মনে করেন যে, সমাজে এখনও ইসলাম প্রতিষ্ঠিত না হইলে ঈমানের অনেক বিষয় চালু করা সম্ভরপর নয়! যেমন আমাদের চারপাশের অপরিস্কার জায়গা নিয়ে আমাদের কোন জনসচেতনা তৈরি করার প্রয়োজন নাই। তাই চাপিয়া যাওয়াই শ্রেয় যে ‘পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ’। প্রয়োজন নাই মিথ্যা কথা বলাটা বন্ধ করার। কুর’আনে বলা হইয়াছে, “তোমরা জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না, আর জানিয়া শুনিয়া সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না”। কিন্তু আপনারাই মিথ্যাচার করিয়া থাকেন।

দুই একটি নমুনা দিলে তাহা পরিস্কার হইবে। যাহারা দাড়ি রাখিয়া, কপালে নামাজ পড়ার ‘টিপ’ তৈরি করিয়াছেন, তাহাদের তো মাঝে মাঝে মিথ্যা বলাই লাগে – অনেক সময়ে দোকানের মাল বিক্রির সময়ে, অনেক সময়ে ওয়াজ মাহফিলে কিছু ব্যাখ্যাকে নিজেদের পক্ষে আনিবার জন্য, বা ইসলামী আন্দোলনে জোশ তুলিবার জন্য। সকলের সহিত সদ্ব্যবহার করাটাও আমাদের ইসলামের আদেশ। কিন্তু সকলে সহিত তো নহে, নিজের স্ত্রীদের সহিতও আপনারা সদ্ব্যবহারের আদেশ দেন না। ওয়াজে বয়ান করেন কি ভাবে, কি উছিলায় স্ত্রীদের প্রহার করা যায়েজ।

সহবাসের উছিলায় কি ভাবে উনানের উপর হইতে তাহাদের বিছানায় আনয়ন করা যায়। ভালোবাসিয়া তাহাদের মন জয় করিবার কথা ঘুরণাক্ষরেও আপনাদের জবানে আসে না। এই তিনটি বিষয়ের কথাই আপাতত বলিলাম। আমাদের সাধারনের জীবনে আরো অনেক খুঁটিনাটি দিক আছে, যেগুলার দিকে আপনাদের দৃষ্টি সৎ ভাবে পতিত হইলে সমাজের অনেক গুণগত পরিবর্তন হইতে পারে। আপনারা আলেমে-দ্বীন।

আপনাদের জ্ঞান আমাদের অপেক্ষা অনেক গভীর। তাই আলতু-ফালতু বিষয় লইয়া না মাতিয়া থাকিয়া সমাজ ও দেশের জন্য কিছু করুন, যাহাতে দিশাহীন মানুষ আপনাদের কর্মের ভেতরে ভালো কোন কিছুর দিশা পায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.