আমাদের কথা খুঁজে নিন

   

রসুলপুর - একটি মৃত মানুষের গ্রাম

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
অচিন্তনগর উপজেলার অন্তর্গত রসুলপুর মৃত মানুষদের গ্রাম । হাজার হাজার অর্ধনগ্ন লাশ বেরিয়ে আসে দিনের আলোয় । তাদের বাইরে আসার সময় নির্দিষ্ট করে দেয় অবিকল মানবসদৃশ এবং যুগলহস্তের অধিকারী প্রভুরা। মৃত মানুষেরা কখনই সন্দেহ করেনা এই প্রভুদের কেউ তাদের স্বগোত্রের মানুষ কিনা । কেননা মৃতদের মধ্যে রয়েছ নানান জাত এবং শ্রেণী ।

তাদের মধ্যে সম্পর্ক রীতিবহির্ভুত । তাছাড়া কাফনেমোড়া মৃত এবং চিতায় মৃতদের আলাপচারিতা সম্পূর্ণ নিষিদ্ধ । রসুলপুরে ইলেকট্রিসিটি নাই । পিচ ঢাকা সড়ক নাই । কারণ বিদ্যুতের বাতি এবং উন্নতজীবন দরকার জীবন্ত প্রভুদের ।

উচ্চ আসমান থেকে অলঙ্কৃত পোষাক পরিহিত প্রভুর দল প্রমোদযানে করে বছরে একবার আসে এই গ্রাম দেখতে । তখন ডায়নামো দিয়ে তাদের শীতাতপ হাওয়া দেওয়া হয় । শ্বেত-অস্থি শবদেহদের উত্পাদিত সবুজ সবজি আর মচমচে ভাজা নদীর মাছ দিয়ে আপ্যায়িত করা হয় । প্রভুদের জন্য থাকে বিশুদ্ধ সুপেয় পানি । ইটবিছানো পথের ধারে করোটি আর আধপঁচা কাফনেবন্দী দেহগুলো জীবিত প্রভুদের জন্য অপেক্ষা করে অহর্নিশ ।

শবদাসেরা কুর্ণিশ করতে করতে পাপ নিবারণের জন্য প্রার্থনা করতে থাকে । অবশ্য প্রাণবন্ত প্রভুশাবকেরা শবদের ঘৃণা করে, দুর্গন্ধে অতীষ্ট হয়ে উন্নত সুগন্ধী স্প্রে করে দিতে থাকে চারপাশে। রসুলপুর একটি ছায়া ঢাকা পাখি ডাকা আদর্শ গ্রাম । দুর্ভাগ্যজনকভাবে সংখ্যায় নগন্য কতিপয় মরা উচ্ছিষ্ট শব নিজেদের মৃত মানেনা । তাদের শিক্ষিত করতে সাইনবোর্ডে মৃত এবং জীবিতদের পার্থক্য দিয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে ।

তথাপি এরা প্রভুদের তোয়াক্কা করে নি, বিধিবদ্ধ কুর্নিশ করে নি । উল্টা চাদঁনীরাতে ফিসফিস করে জোটবদ্ধ হয়ে প্রভুদের বিরূদ্ধে নানান কথা বলেছে। প্রভুরা তাদের জন্য বিচারক নিয়োগ করেছেন । শাস্তির বিধান করছেন । অচিরেই সেই অবাধ্যগুলোর অবশিষ্ট কংকাল বুলডোজারে চূর্ণ করে দেয়া হলে রসুলপুরে সুখ ফিরে আসবে ।

প্রভুদের জন্য ভ্রমণ সম্পুর্ণ আনন্দদায়ক হবে । মাননীয় পর্যটনমন্ত্রী অন্নদাতাদের উদ্দেশ্যে দেয়া ধন্যবাদসূচক ভাষনে এই সুসংবাদটি অবগত করেছেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।