আমাদের কথা খুঁজে নিন

   

জিম্বাবুয়ে-পাকিস্তান সমানে সমান

বেশ ভালোই জমে উঠেছে হারারে টেস্ট। সমানে সমানে লড়ে যাচ্ছেন জিম্বাবুয়ে ও পাকিস্তানের ক্রিকেটাররা। পাওয়া যাচ্ছে উত্তেজনাপূর্ণ শেষের ইঙ্গিত। আগামীকাল শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১০৬ রান। অন্যদিকে জিম্বাবুয়ের দরকার আর পাঁচটি উইকেট।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করতে পেরেছে সফরকারীরা।
জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস মাত্র ১৯৯ রানেই শেষ হওয়ার পর জয়ের আশাই জোরদার হয়েছিল পাকিস্তান শিবিরে। কিন্তু ২৬৪ রানের লক্ষ্যটাও যে সহজ হবে না, সেটা বেশ ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের বোলাররা। ১৫৮ রান জমা করতেই সাজঘরে ফিরেছেন পাকিস্তানের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। প্রথম ১২ ওভারের মধ্যে মোহাম্মদ হাফিজ (১৬) আর আজহার আলিকে (০) আউট করে শুরুটা করেছিলেন টেন্ডাই চাতারা।

এরপর খুরাম মনজুর (৫৪) ও আসাদ শফিক (১৪) সাজঘরে ফিরেছেন প্রসপার উতসেয়ার শিকার হয়ে। পাকিস্তানের অন্যতম ব্যাটিং ভরসা ইউনুস খানের (২৯) উইকেটটা নিয়েছেন ব্রায়ান ভিটরি। তবে ২৬ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয়ের আশা জিইয়ে রেখেছেন অধিনায়ক মিসবাহ-উল-হক।
এর আগে দিনের শুরুটা ভালোভাবে করতে পারেনি জিম্বাবুয়ে। ৪ উইকেটে ১২১ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করার পর বড় কোনো জুটিই গড়তে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।

চতুর্থ দিনে জিম্বাবুয়ের সবচেয়ে বড় জুটিটি ছিল নবম উইকেটে মুতুম্বানি আর চাতারার, মাত্র ২২ রানের। পাকিস্তানের পক্ষে মাত্র ৫৭ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন রাহাত আলি। দুটি করে উইকেট গেছে সাইদ আজমল আর আবদুর রেহমানের ঝুলিতে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।