আমাদের কথা খুঁজে নিন

   

জমিরউদ্দিন, হামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত

ভুয়া বিদ্যুৎ ও গ্যাস বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার মামলায় সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার এবং সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এই আদেশ দেন। আদালত আগামী ১১ জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দেন। গত ১৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আসামি জমির উদ্দিনের পক্ষে সময়ের আবেদন করা হয়।

আরেক আসামি আখতার হামিদ সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন।
ক্ষমতার অপব্যবহার করে চার লাখ ৪০ হাজার ৮৭ টাকা আত্মসাৎ করে সরকারের ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাত্, নিজে লাভবান এবং অন্যকে লাভবান হতে সহায়তা করেন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার। তিনি প্রাপ্যের অতিরিক্ত ১০টি মিটারের বিপরীতে তিন লাখ ৫৬ হাজার ৪৩৭ এবং প্রাপ্যের অতিরিক্ত চারটি দ্বৈত চুলা ও দুটি একক চুলার গ্যাস বিলের ৮৩ হাজার ৬৫০ টাকা পরিশোধের মাধ্যমে সরকারের মোট ৪ লাখ ৪০ হাজার ৮৭ টাকা আর্থিক ক্ষতিসাধন করে অবৈধভাবে লাভবান হন।

এটা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অতিরিক্ত গ্যাস ও বিদ্যুৎ বিল দেখিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ায় জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলাটি করা হয়। আসামি খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।