আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কাকে স্যামির হুঙ্কার

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে গত আসরের রার্নাসআপ শ্রীলঙ্কার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।
তার আগের দিন সংবাদ সম্মেলনে স্যামি বলেন, “আমরা জানি, ওরা ঠিক কি করতে পারে। ওরাও জানে আমরা কতটা হুমকি হতে পারি। আমার মনে হয় মূল লড়াইটা হবে মনে।

প্রস্তুতি ম্যাচের হার ওদের মনে থাকবে। আর সবাই জানে, ওয়েস্ট ইন্ডিজ একবার ঘুরে দাঁড়ালে ওরা কতটা বিপজ্জনক। ”
গত ১৯ মার্চ, ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হারে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে প্রথম চার ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে হারলেও পঞ্চম ম্যাচে এসে একমাত্র জয়টি পায় ওয়েস্ট ইন্ডিজ। সেটি আবার কলম্বোয় গত আসরের ফাইনালে।

তারপর এই প্রথম কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।

সেমি-ফাইনালের আগে অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা।

প্রতিপক্ষ সম্পর্কে সমীহের কমতি না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্যামি। তিনি বলেন, “ওরা ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি ওদের হারাতে কি করতে হবে।

আশা করি, পরিকল্পনা মতো খেলতে পারবো আর যেখানে উন্নতি দরকার, তা করতে পারবো। আমরা ঠিক সময়েই ঘুরে দাঁড়িয়েছি। ”
সেমি-ফাইনালের আগে অনুশীলনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি কোনো দল। ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখার কৃতিত্ব প্রথম দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টিতেও তা করে দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী স্যামি।
“ভালো শুরু না হলেও আমরা ঘুরে দাঁড়িয়েছি আর সেমি-ফাইনালে পৌঁছেছি। শিরোপা ধরে রাখা থেকে আমরা মাত্র দুই ধাপ দূরে। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি নিয়ে ভাবছি। একবার ফাইনালে পৌঁছাতে পারলে আমরা জানি, যে কোনো কিছুই সম্ভব।


আগের ম্যাচে ৩ রানে ৫ উইকেট নিয়ে প্রায় একাই শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তাকে নিয়ে খুব একটা ভাবছেন না স্যামি।
“আমাদের বিপক্ষে উইকেট পেয়েছে অফস্পিনাররা। বাঁহাতি স্পিনারকে নিয়ে তাই খুব একটা ভাবছি না। ”

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা দুই বোলারের উপস্থিতিতে নিজের দলকেই এগিয়ে রাখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।



“ওয়েস্ট ইন্ডিজ বোলিং অ্যাটাকে এক ও দুই নম্বর বোলার (স্যামুয়েল বদ্রি ও সুনীল নারায়ন) আছে। সানতোকিও ভালো করেছেন। বদ্রিকে সামলানো শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হবে। ”
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।