আশা নিয়ে আছি কিছু হবে প্রত্যেকটি মানুষ একেক জন দার্শনিক এতে কোন সন্দেহ নাই। প্রত্যেকেরই রয়েছে অনুধাবন করার ক্ষমতা। শুধুমাত্র ভাষায় প্রকাশ বা বিশ্লেষণ করাটা সবার পক্ষে সম্ভব হয়না। একটা নাটক বা সিনেমা দেখতে বসলে কিছু অংশ দেখার পরই পরে কি হবে বা হতে পারে অথবা কি সংযোগ করা যায় তা আমাদের মধ্যে প্রায় সবাই অনুমান করতে পারি। কখনো কখনো তা মিলে যায়, আবার না মিললেও ঐ ভাবনা দ্বারা বাকি অংশ সম্পন্ন করা সম্ভব।
আবার কোন প্রামাণ্যচিত্র দেখলে তার শুধুমাত্র আলোচনাই নয়, সমালোচনাও করতে পারি । অর্থাৎ ভুল কি হয়েছে আমাদের চোখে ধরা পরে। এছাড়াও এ প্রামাণ্যচিত্রের মত আমাদের চোখে দেখা অনেক কিছুর সাথে এর তুলনা করতে পারি। মোদ্দাকথা আমাদের বুঝার ক্ষমতা আছে। কিন্তু লেখক, সাহিত্যিক বা দার্শনিকদের মত তার প্রয়োগ করতে পারিনা।
কারণ লেখক, সাহিত্যিক বা দার্শনিকদের মত সাজানোর জায়গাটিতে আমরা ভীত। যে মানুষগুলো এ বিষয়গুলো বুঝতে পারে তাদের দিয়ে চর্চার মাধ্যমে একটা বিশেষ ফলাফল বের করে আনা সম্ভব। কিন্তু সে কাজটি আমরা করতে ব্যর্থ হয়েছি পরিবার এবং একাডেমি উভয় ক্ষেত্রেই। পরিবার সবক্ষেত্রে তা পারবেনা এটা স্বাভাবিক। কারণ চর্চাকারকের প্রতুলতা থাকেনা।
কিন্তু একাডেমিগুলোতে এর অভাব থাকবেনা এই প্রতিশ্রুতি নিয়েই এর প্রতিষ্ঠা হয়। এরপরও একাডেমিগুলোতে তেমন কোন ফলাফল পাওয়া যায়না। এখানে বিষয়ভিত্তিক অবজেক্টগুলো আওড়ানো হয় মাত্র। অবজেক্টটি নিয়ে নতুন কোন অনুসন্ধিৎসা তৈরি করা হয়না। শিক্ষার্থীরাও একইভাবে ব্রেনে নিয়ে জমা করছে,কিন্তু সঞ্চালন করেনা বা করতে পারেনা।
বাস্তব একটি উদাহরন দেই। যারা আঁকাবুকি শিখে, তাদেরকে বেশকিছু ভাল বিষয়ের উপর কিছু চিত্র শেখানো হয়। এগুলোর মধ্যে পরিবেশের অনেক উপাদান চলে আসে যা দিয়ে অরো অনেক কিছু আঁকা যায়। তারপরও শিক্ষার্থীদের শেখানোর বাইরে কিছু আঁকতে বললে তাদের অনেকেই তাৎক্ষণিকভাবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পরে। কি আঁকবে বুঝতে পারেনা।
কারণ তাদের মাথায় কিছু চিত্র পুশ করা হয়েছে মাত্র। কিন্তু এ বিষয়ে তার ভাবনাটাকে কাজে লাগানো হয়নি। অর্থাৎ আইডিয়া ডেভেলপ করা হয়নি। যদি আইডিয়া ডেভেলপ করা যায় তবে তার ভাবনার প্রয়োগটা বেড়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র ব্রেনে কিছু পুশ করলেই হবেনা, সে বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীর ভাবনার প্রয়োগ ঘটাতে হবে।
তবেই তার সৃজনশীলতা বাড়বে। বিদ্যালয়, মহাবিদ্যালয় কিংবা অনেকক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতেও ব্রেনে সবকিছু পুশ করে দেয়া হয়, ভাবনার প্রয়োগ বা মননশীলতার সৃজন করা হয়না। অর্থাৎ আইডিয়া ডেভেলপমেন্ট খুবই প্রয়োজনীয়। আইডিয়া ডেভেলপমেন্টের জন্য দুটি উপায় অবলম্বন করা যেতে পারে।
১) শিক্ষার্থীদেরকে যে বিষয়ের উপর শিক্ষা দেয়া হবে, তা সম্পর্কে নতুন কিছু ভাবনার সৃষ্টি করা।
২) শিক্ষার্থীদের মধ্যে আইিডিয়া প্রয়োগের প্রতিযোগিতা সৃষ্টি করা।
এর মাধ্যমে শিক্ষার্থীদের মনের ভিতর সুপ্ত ধারণাগুলো সাজানো বা বাস্তবায়ন করার চর্চা হবে। তাৎক্ষণিক কোনকিছুতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাবেনা। আইডিয়া ডেভেলপমেন্ট বা ভাবনার প্রয়োগ, অনুসন্ধিৎসা সৃষ্টি করা শুধুমাত্র সৃজনশীলতাই সৃষ্টি করবেনা, পাঠকে আনন্দময়ও করে তুলবে। এতে শিক্ষার গতি তো বাড়বেই পাশাপাশি আমরা যারা নাটক, সিনেমা বা প্রামাণ্যচিত্র দেখি আমাদের দেখা শেষেই তা নিঃশেষ হয়ে যাবেনা বরং নতুন কিছু সৃষ্টি করবে।
বি: দ্র: এটি শুধু নাটক, সিনেমা বা প্রামাণ্যচিত্র নয়, সবক্ষেত্রেই প্রযোজ্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।