আমাদের কথা খুঁজে নিন

   

‘বুলুর ওপর হামলাকারীরা সরকারের এজেন্ট’

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগর বিএনপির কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করেছে নগর ছাত্রদল।
সমাবেশের প্রধান অতিথি নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, বেলায়েত হোসেন বুলু তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা। তার ওপর হামলা ছাত্রদলের ওপর হামলা।
হামলাকারীদের ‘সরকারের এজেন্ট’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, হামলাকারীদের আমরা চিহ্নিত করেছি। তারা দলের কেউ নয়।


বুধবার রাতে নগরীর পশ্চিম খুলশী এলাকায় নিজের বাসভবনে বিরোধী পক্ষের হামলার শিকার হন নতুন কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
এর আগে বুধবার বিকেলে বুলুর অনুসারীরাও বিরোধী পক্ষের নেতাকর্মীদের মারধর করে। এই হামলা-পাল্টা হামলার ঘটনায় মোট সাত নেতাকর্মী আহত হন।  
সমাবেশে শাহাদাত বলেন, অবিলম্বে ত্যাগী ও শিক্ষিত ছাত্র নেতাদের সমন্বয়ে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কেউ বঞ্চিত হওয়ার সুযোগ নেই।

পদ না পাওয়ার কোনো ভয় নেই।
গত ২১ জুলাই নগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের পরদিন থেকেই ‘পদবঞ্চিতরা’ বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন শুরু করে।
গত ২৪ জুলাই নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অগ্নিসংযোগ ও আসবাবপত্র ভাংচুর করে পদবঞ্চিতরা। ২৬ জুলাই ডা. শাহদাতের কুশপুত্তলিকাও দাহ করে তারা।
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মধ্যে দূরত্বও সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা।


বৃহস্পতিবারের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের নতুন কমিটির সভাপতি গাজী সিরাজ উল্লাহ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও কেন্দ্রীয় গণসংযোগ বিষয়ক সম্পাদক নুরুল আলম প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।