আমাদের কথা খুঁজে নিন

   

চৌমুহনীতে টাকাসহ বুলুর তিন সমর্থক আটক

Hope is immortal

নোয়াখালী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটাকম) - নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের চারদলীয় জোটের প্রার্থী বরকত উল্যা বুলুর সমর্থক বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে টাকাসহ আটক করা হয়েছে। এ ছাড়া অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ইউপি চেয়ারম্যানকে। রোববার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকার সুগন্ধা আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। এসময় কেন্দ্রীয় যুবদলের সদস্য জহির উদ্দীন হারুনের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত অপর তিনজন হলেন- চৌমুহনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন জসিম, সমর্থক দুলাল।

আটককৃত চেয়ারম্যান হলেন- বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীন। বরকত উল্যা বুলু অভিযোগ করেছেন, তার নেতা-কর্মীদের উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। এ টাকা নির্বাচনের কাজের জন্য আনা বৈধ টাকা বলে তিনি দাবি করেন। বেগমগঞ্জ উপ-পরিদর্শক ফরিদ উদ্দীন জানান, 'ভোট বাণিজ্যের' জন্য টাকা লেনদেন হচ্ছে- এ সংবাদের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনীর একটি দল সুগন্ধা হোটেলে অভিযান চালায়। পরবর্তীতে পুলিশও অভিযানে যোগ দেয়।

হোটেল থেকে আটক করা হয়, হারুন, জসিম ও দুলালকে। এসময় হারুনের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসআই ফরিদ জানান, বেগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীনকেও আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হবে নাকি ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো বলে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তারা থানা হেফাজতে রয়েছেন বলে তিনি জানান।

নেতা-কর্মীদের আটকের খবর পেয়ে বরকত উল্যা বুলু ঘটনাস্থলে যান। তিনি তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করেন। পরে থানায় গিয়েও তিনি তাদের ছাড়িয়ে আনতে ব্যর্থ হন। বিএনপি নেতা-কর্মদের আটকের ঘটনায় বুলুর সমর্থকরা চৌমুহনীর পূর্ববাজারে সড়ক অবরোধ ও মিছিল করার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে তারা সরে যায়।

বরকত উল্যা বুলু সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যমূলকভাবে তার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। যে টাকা উদ্ধার হয়েছে তা নির্বাচনী কাজে ব্যয়ের জন্য রাখা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রতি ভোটারের জন্য ৫ টাকা ব্যয় করার বিধান রয়েছে। আর উদ্ধার করা টাকা সেই কাজেই ব্যয় হতো। এই টাকা তার ব্যাংক হিসাব থেকে আজ (রোববার) উত্তোলন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

নোয়াখালীর পুলিশ সুপার লুৎফুল কবীর সাংবাদিকদের জানান, চেয়ারম্যান জামাল উদ্দীনকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে আটক করা হয়েছে। তিনি নির্বাচনী পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.