প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সামনেই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সময় অল্প। তাই এই অল্প সময়ের মধ্যেই প্রতিটি বিষয়কে নিজেদের আয়ত্তে আনতে হবে। আজ তোমাদের জন্য বাংলা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উচ্চমাধ্যমিক পাঠ্যবইয়ের গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, উপন্যাস ও ব্যাকরণসহ বাংলা সাহিত্যের ইতিহাস ও মৌলিক বিষয়াবলির ওপর প্রশ্ন করা হয়।
গল্প, প্রবন্ধ অংশের জন্য লেখক পরিচিতি, গল্পের বিষয়বস্তু, প্রেক্ষাপট, চরিত্রসমূহ, উক্তিসমূহ, গল্পের প্রকাশকাল, কোন গ্রন্থের অন্তর্ভুক্ত, গল্পের রীতি (সাধু না চলিত), বিশেষ শব্দের অর্থ, ঘটনা প্রবাহ, বিশেষ লাইনসহ গল্প ও প্রবন্ধের আরও অনেক অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে। নাটক বা উপন্যাসের ক্ষেত্রেও একই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এ জন্য পাঠ্যবইটি বারবার পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আন্ডার লাইন করে পড়তে হবে যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে খুঁজে বের করা যায়।
পদ্যাংশের ক্ষেত্রেও কবি পরিচিতি, কোন কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, প্রকাশকাল, কোথায় প্রথম প্রকাশিত হয়, বিষয়বস্তু, চিত্রসমূহ, কবিতার লাইন সংখ্যা, স্তবক সংখ্যা, লাইনগুলোর তাৎপর্য ও ধারাবাহিকতা, কোন ছন্দে রচিত, বিশেষ শব্দ বা লাইনের পুনরাবৃত্তি কতবার হয়েছে, শব্দার্থসহ খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে।
ব্যাকরণ অংশ অনেকের কাছে একটু কঠিন মনে হলেও বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন হয় তা বুঝে শুনে পড়লে এতে ভালো করা যায়। অনেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যাকরণের কিছু কঠিন অংশ এড়িয়ে চলে। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেগুলো আবশ্যক। যেমন : সন্ধি, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, সমাস, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, পদ প্রকরণ ইত্যাদি। এ অধ্যায়গুলো যত্নসহকারে পড়তে হবে।
কেননা এই অংশগুলো থেকে প্রশ্ন হয়। গতানুগতিকভাবে প্রশ্ন হয়ে আসছে এমন কিছু সহজ অংশ হলো বাগধারা, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, পারিভাষিক শব্দ, সমার্থ শব্দ, বানানশুদ্ধি ইত্যাদি। তাই এই অংশগুলোয় গভীর মনোযোগ দিতে হবে।
ভর্তি পরীক্ষায় অনেক সময় উচ্চমাধ্যমিক সিলেবাসবহিভর্ূত প্রশ্নও হয়। এক্ষেত্রে যুগবিভাজন (প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ) অনুযায়ী বাংলা ভাষা, লিপি ও সাহিত্যের ইতিহাস, বিভিন্ন সাহিত্যিকের কর্ম, অবদান, রচিত বিখ্যাত গ্রন্থ, বিভিন্ন পত্রিকার প্রকাশকাল, সম্পাদক প্রভৃতি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে।
লক্ষ্য রাখতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ও 'ঘ' ইউনিটে বাংলায় ২৫টি প্রশ্নের দিতে হয়। এর মধ্যে সচরাচর দেখা যায় পাঠ্যবইয়ের গল্প, প্রবন্ধ ও কবিতা থেকে প্রায় ৫-৭টি প্রশ্ন হয়। আর বাকিগুলো ব্যাকরণ অংশ থেকে হয়। মৌলিক বিষয়াবলি থেকে দু' একটি প্রশ্ন হতে পারে।
এক্ষেত্রে অবশ্যই বিগত ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখে নেবে। তোমাদের জন্য শুভ কামনা রইল।
*মো. জুবায়ের আল মাহমুদ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।