আমাদের কথা খুঁজে নিন

   

আফগানদের মন জয়ে ব্যর্থ ন্যাটো বাহিনী : জরিপ



আফগানিস্তানে জনগণের মন জয় করতে ব্যর্থ ন্যাটো বাহিনী। গত শুক্রবারে প্রকাশিত এক জরিপের ফলাফলে এমন তথ্যই পাওয়া গেছে। এ জরিপে আরও বলা হয়েছে, বেশিরভাগ আফগান তালেবানদের পক্ষে এবং বিদেশী বাহিনীকে তারা ভাল চোখে দেখছে না। তারা মনে করছে, সরকারের সঙ্গে তালেবানদের যোগ দেয়া উচিত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অন সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্টের (আইসিওএস) চালানো এ জরিপে দেখা গেছে, ৫৫ ভাগ আফগানই মনে করে যুদ্ধে ন্যাটো এবং আফগান সরকার তালেবানদের বিরুদ্ধে জয়ী হতে যাচ্ছে।

অন্যতম যুদ্ধপ্রবণ প্রদেশ কান্দাহার এবং হেলমান্দে গত মাসে ৫৫২ জন পুরুষের সাক্ষাৎকার সংগ্রহের মাধ্যমে এ জরিপ পরিচলনা করা হয়। আইসিওএস সভাপতি নরিন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, 'আফগানদের কাছে আমরা নিজেদের যথাযথভাবে প্রকাশ করতে ব্যর্থ হচ্ছি কিংবা আমাদের উদ্দেশ্য সঠিকভাবে তুলে ধরতে পারছি না। এটি পশ্চিমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে আল কায়দা এবং তালেবানদের সুযোগ তৈরি করে দিচ্ছে। ' জরিপে আরও দেখা যায়, ৭৫ ভাগ আফগানই মনে করে বিদেশীরা তাদের ধর্ম এবং ঐতিহ্যকে অসম্মান করে। ৭৪ ভাগ মনে বিদেশী বাহিনীর সঙ্গে কাজ করা ঠিক নয়।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৮ ভাগ মনে করে ন্যাটো বাহিনী তাদের রক্ষা করছে না এবং ৬৫ ভাগ মনে করে তালেবান ও তাদের নেতা মোল্লা মোহাম্মদ ওমরের সরকারের সঙ্গে যোগ দেয়া উচিত। এছাড়া সম্প্রতি তাদের এলাকায় পরিচালিত সামরিক অভিযানগুলোর ৭০ ভাগই সাধারণ জনগণের ক্ষতি করেছে এবং কান্দাহারে গঠিত নতুন সামরিক অভিযান পরিকল্পনার বিরোধিতা করেছে ৫৯ ভাগ আফগান। হেলমান্দ প্রদেশে তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মার্জা শহরে এ বছর হাজার হাজার মার্কিন, ব্রিটিশ এবং আফগান সেনা যুদ্ধে অংশ নেয়। ন্যাটো বাহিনী এখন নতুন করে কান্দাহার দখল করার জন্য শক্তি বৃদ্ধি করছে। জরিপে আরও জানা যায়, ৫৫ ভাগই মনে করে আফগানিস্তানে বিদেশী বাহিনীর আসার উদ্দেশ্য হলো তাদের নিজেদের স্বার্থ হাসিল, দেশটিকে ধ্বংস করা এবং ইসলামকে ধ্বংস করা।

ন্যাটো আশা করছিল, ধীরে ধীরে তারা আফগান বাহিনীর হাতে সবকিছু বুঝিয়ে দেবে। কিন্তু জরিপে দেখা যায়, ৭১ ভাগই মনে করছে ন্যাটো বাহিনী ফিরে গেলে পুনরায় তালেবানরা দেশটি দখলে নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ অন্যান্য দেশের প্রায় ডজনখানেক পররাষ্ট্রমন্ত্রীর সামনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। রয়টার্স।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।