শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় আফগানিস্তান। পরদিন রোববার রয়টার্সকে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নূর মুহাম্মদ মুরাদ বলেন এই জয় তাদের ভাবনায় ছিল।
“আমি খেলোয়াড়দের সঙ্গে যখন কথা বলতাম, তারা আমাকে টেস্ট খেলুড়ে দেশের সর্বনিম্ন র্যাঙ্কিংধারী দলকে হারাতে পারার আত্মবিশ্বাসের কথা বলত। এ কারণেই খেলোয়াড়দের উল্লাসটা নিয়ন্ত্রিত ছিল"।
বাংলাদেশকে হারানোটা আফগানদের জন্য 'বিস্ময়' হয়ে না এলেও ক্রিকেট দুনিয়ায় তাদের উঠে আসাটা অবাক করার মতোই।
মাত্র গত বছরের জুনে আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা পাওয়া আফগানিস্তান ক্রিকেট দুনিয়ায় একেবারেই নবীন।
নব্বইয়ের দশকে পাকিস্তান ফেরত উদ্বাস্তুদের মাধ্যমে দেশটিতে ক্রিকেট খেলা শুরু হয়। অথচ এরই মধ্যে আগামী মার্চে বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
তবু বাংলাদেশকে হারানোর ব্যাপারে কিভাবে এতটা আত্মবিশ্বাসী ছিল আফগান ক্রিকেটাররা? এশিয়া কাপ খেলতে ঢাকায় পা রেখেই আফগানিস্তান দল জানিয়েছিল, এই টুর্নামেন্ট থেকে তাদের চাওয়া-পাওয়া বলতে একটাই-কোনো একটি টেস্ট খেলুড়ে দলকে হারাতে চায় তারা। সর্বকনিষ্ঠ টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশই স্বাভাবিকভাবেই ছিল তাদের লক্ষ্য।
আবেগ নিয়ন্ত্রণ করে রাখলেও আফগানিস্তানের ক্রিকেট ইতিহাস হয়ে যাওয়া এই জয়কে উদযাপন করতে ভুলছে না তারা। রোববার দলের সম্মানে আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করছেন বোর্ডের প্রধান নির্বাহী মুরাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।