রাজধানীতে শ্বশুর বাড়ির লোকদের দেওয়া কেরোসিনের আগুনে দগ্ধ গৃহবধূ সাবিনা আকতার (২৮) মারা গেছেন। দগ্ধ হওয়ার ২১ দিন পর আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, কামরাঙ্গিরচরের মমিনবাগ এলাকায় গত ১৭ জানুয়ারি সাবিনা আকতারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। দগ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার বাবার বাড়ির লোকেরা হাসপাতালে আসেন।
এ ঘটনায় কামরাঙ্গিরচর থানায় এজাহার দায়ের করে সাবিনার পরিবার। এরপর ২০ জানুয়ারি সাবিনার স্বামী আবুল কালাম আজাদ ও শ্বশুর মনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে বাকি তিন আসামি শাশুড়ি ও দুই ননদ পলাতক রয়েছেন।
সাবিনার ছোট ভাই আফাজ উদ্দিন জানান, ৬ বছর আগে আবুল কালাম আজাদের সঙ্গে তার বোনের বিয়ে হয়। আবুল কালাম গোল্ডেন লাইফ ইন্যুরেন্সের জুনিয়র অডিট অফিসার ছিলেন।
বিয়ের এক বছর পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। প্রায়ই তার বোনের কাছে টাকা তাবি করত আজাদ। এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি দেড়লাখ টাকা দাবি করে আজাদ। টাকা এনে না দেওয়ায় ১৭ জানুয়ারি সাবিনার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
দুই আসামি গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।