একুশে টেলিভিশনে প্রচারিত ‘টকশো’ অনুষ্ঠানে আদালত নিয়ে বক্তব্য রাখার অভিযোগে একুশে টেলিভিশনের (ইটিভি) উপস্থাপক অঞ্জন রায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান ও রাজনীতিক রাজেকুজ্জামান রতনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে তাদের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার স্বপ্রণোদিত হয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে বাকস্বাধীনতার নামে আদালতের বিরুদ্ধে কটূক্তির কারণে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে আদালত।
এছাড়া ঐ প্রোগ্রামের সিডির কপি ১২ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে একুশে টেলিভিশন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত ‘একুশের রাত’ শিরোনামে সরাসরি প্রচারিত টকশো অনুষ্ঠানে সুপ্রিমকোর্টে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নানা মন্তব্য করা হয়। অনুষ্ঠানের আলোচকরা সুপ্রিমকোর্টে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে আলোকপাত করেন এবং কিছু মন্তব্য করেন। গতকাল ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বিষয়টি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চের দৃষ্টিতে আনেন। এতে আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ জারি করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।