আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ছেড়ে ‘মহাসেন’ এখন ত্রিপুরায় (ভিডিও)

দুর্বল হয়ে পড়া ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ছেড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি এখন ভারতের ত্রিপুরা রাজ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে মহাসেনের প্রভাবে বাংলাদেশে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম।
উপকূল ছেড়ে যাওয়ায় চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে সকাল নয়টার দিকে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আঘাত হানে মহাসেন।


মহাসেন দুর্বল হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহ আলম বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যেসব এলাকা অতিক্রম করেছে, ওই সব এলাকায় আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়ে। এতে জোয়ারের কারণে জলোচ্ছ্বাসের যে আশঙ্কা ছিল, তা কমে এসেছে। ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। জোয়ারের সময় যদি ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে চলে আসত, তাহলে ক্ষয়ক্ষতি বেশি হতো।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টা সারা দেশে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
ঘূর্ণিঝড়টির গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ৭ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছিল। আর মংলা সমুদ্রবন্দরে জারি করা হয়েছিল ৫ নম্বর সতর্কসংকেত।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.