আমাদের কথা খুঁজে নিন

   

হেঁচকি সমাচার............ {আমার স্কুল জীবনের এক ঘটনা}



. . . .....তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। টিফিন প্রিয়ড শেষে ৫ম প্রিয়ড শুরু হওয়ার অপেক্ষা করছি ক্লাসের সবাই। কিন্তু স্যার আসেনা। এবং সেই ক্ষেত্রে আমরা যা করি তাই করা শুরু করলামঃ ইচ্ছে মত হই হট্টগোল আরকি। হঠাৎ করে আমার হেঁচকি উঠল।

খুবই স্বাভাবিক ব্যাপার, উঠতেই পারে। যথারীতি পানির খোঁজ। পেলাম। ঢক্‌ ঢক্‌ করে পান করলাম। কিন্তু গেল না।

বন্ধুদেরও পানির বোতল ফাঁকা করলাম। কিন্তু হেঁচকি যায়না! এদিকে আমার পেট ফুলে ঢোল! মানে ট্যাংকি ফুল, আর পানি ঢুকবে না। তাই হেঁচকি টা নিয়ে আর না ভেবে নিজ কাজে মন দিলাম। কিছুক্ষণ পর তো আপনা আপনি চলে যাবে এই ভেবে। ক্লাসে চলা হই হট্টগোলের মাঝে আমার সেই হেচকি এর শব্দ কেউ শুনতে পারছিলনা বলে রক্ষা।

তাই আমি আপন মনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এদিকে আমার বিকট বিকট শব্দে হেঁচকি উঠছে কিছুক্ষণ পর পর। প্রায় ১০সেকেন্ড পরপর হিক...হিক্‌ আওয়াজ তুলছি। এমন সময় হঠাৎ ক্লাসে ভাইস প্রিন্সিপাল স্যার এর আগমন। ক্লাসে হই হট্টগোল দেখে চলে এসেছেন তিনি।

মূহুর্তের মধ্যেই ক্লাসে এক্কেবারে পিন পতন নিরবতা। এবং সেই মোক্ষম সময়ে বিকট শব্দে আমার এক হেঁচকি, .........হিইক্‌...! এত বড় হেচকি শুনে পুরো ক্লাস আমার দিকে ফিরে তাকিয়েছে। সবাই এক্ষুনি হেসে উঠবে এমন ভাব, কিন্তু এদিকে ভাইস প্রিন্সিপাল স্যারের কারণে কেউ হাসতেও পারছে না। স্যার কাউকে না ধরে সরাসরি আমাকে ধরলেন। "এই ছেলে!" আমি কাচুমাচু করে দাঁড়িয়ে থেকেই বলি, "জ্বী স্যার" স্যার কটমট করে আমার দিকে তাকিয়ে বলে, "সকালে বাবার মানিব্যাগ থেকে কত টাকা চুরি করেছ?" আমি যেন সপ্ত আসমান থেকে পড়লাম, "স্যার আমি জীবনে এরকম কাজ করিনি!!!" "না, না তুমি করছ! কয় টাকা চুরি করছ সেটা বল।

" "না স্যার, প্লিজ বিশ্বাস করেন স্যার। আমি এমন ছেলেই না! " এতক্ষণে স্যার এর বোধয় একটু বিশ্বাস হল, "হুম্‌, এখন বল, হেঁচকি গিয়েছে?" আমি ভ্যাবাচকা খেয়ে গেলাম, আসলেই তো! হেঁচকি একদম চলে গেছে! স্যার আমার এই অবস্থা দেখে হেসে দিলেন। এতক্ষণ নিশ্চুপ থাকা ক্লাস আমার এবং স্যার এর কথাপোকথোন খুব মজা নিয়ে হাসি চেপে শুনছিল, স্যার হাসার সাথে সাথে পুরো ক্লাস একটুকু দেরি না করে আমার উপর হেসে ফেটে পড়ল। আর আমি এদিকে আমার লজ্জা লুকানোর জায়গা খুঁজতে লাগলাম। . . . . হেঁচকি উঠলে যে- হঠাৎ কেউ চমকে দিলে চলে যায় তা আগেই জানাতাম, কিন্তু সেদিন পুরা প্রাক্টিকালি শিক্ষা হয়েছে আমার।

সারাজীবন মনে রাখার মত এক মধুর শিক্ষা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।