আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ও ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়!

"সোনার বাংলা রূপোর পালে ব্লগের হাওয়া লাগলো বলে, ঘুচল শিকল মুক্ত পাখির ফুটল বুলি যন্ত্রজালে। "

মাঝে মাঝেই বিভিন্ন টেক ফোরামে অদ্ভূত সব পোস্ট দেখে মাথা এলোমেলো হয়ে যায়! অনেকেই দেখা যায় ঝাড়ি দেয়া শুরু করে দেন , সেই সব মজার ঘটনার আলোকেই নিচের লেখাগুলো: ১। সরাসরি একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে প্রশ্ন না করে, জানতে চান, "ফ্ল্যাশ গেইম কেমনে বানায়?"। আলগা খাতির পাবেন যদি কোন পরিচয় বা হাই-হেলো টপিক না করে, শুরুতেই সমস্যার সমাধান জানতে চান। আর, যদি, পর পর ২-৩ সেকশনে গিয়ে একই সমস্যা নিয়ে লেখেন তবে তো কথাই নেই! চমচম রসগোল্লা সব পেয়ে যাবেন! ২।

গেল সপ্তায় স্বপ্নে পাওয়া মলম বিক্রির জন্য সাইট খুলেছেন। ব্যাস হয়ে গেল! আপনি একজন ওয়েবমাস্টার। চলে আসুন ফোরামে। পয়লা পোস্টের শিরোনাম দিন "আসেন ভাই দেইখ্যা যান!", পোস্টে খালি সাইটের লিংক। মজা নগদে পেয়ে যাবেন।

এইটা আমার নিশ্চয়তা, বিফলে মূল্য ফেরত! ৩। আপনার সমস্যার সমাধানের জন্য সমস্যার বিস্তারিত ভুলেও দেবেন না। কি দরকার। গায়েবী জ্ঞান না থাকলে টেক ফোরাম খুইলে বসছে কেন বেটারা? ৪। ভুলেও টপিকের টাইটেলে বিস্তারিত জানতে দিবেন না।

খালি "সাহায্য চাই", “need help” , “please help” , "আল্লাহ-খোদা-ভগবানের দোহাই লাগে আমারে বাঁচান", এইরকম টাইটেল দিবেন। আপনার কীবোর্ডের কসম বিস্তারিত দিবেন না। ৫। ফোরামে ঢোকার পর পর সোজা নতুন পোস্টে চলে যাইবেন। সার্চ ইন্জিন বলে কিছু থাকলে ঘুরেও তাকাবেন না।

ঐটা আবার কি জিনিস? খায় না মাথায় দেয়? ৬। ভুলেও ভাববেন না আপনার আগে কেউ এই সমস্যায় পড়েছে! আপনি-ই প্রথম। সুতরাং, আপনি চাহিবা মাত্র লোকে সমাধান দিতে বাধ্য থাকিবেক! ৭। কাজটা কি আপনার ফ্রিল্যান্স কাজ? এই বিষয়ে কিছু জানেন না, এইটা জানার পরেও, ১০ ডলার বিড করে ১৫০০ ডলারের কাজ পেয়ে গেছেন। এখন, কালকে ডেডলাইন।

কি আছে দুনিয়ায়? যতরকম “urgent”, "জরুরী","জীবন মরণের প্রশ্ন" এরকম শব্দ আছে টাইটেলে লাগিয়ে দেন। পারলে এক টপিক ১০ বার পোস্ট করেন। ৮। লোকজনকে সবসময় টাইটের উপর রাখবেন। ভুলেও হিন্টস দিবেন না।

গেল রাতে ঘুম ঘুম চোখে, এফটিপিতে সিলেক্ট-অল-ডিলিট দিলেও ভুলেও বলবেন না। খালি বলবেন, এফটিপি হাওয়া। আপনি কোন ভুল করতেই পারেন না। সাইটের ফন্ট কালার ঠিক না আসলে, পিএইচপি-র ৯০০ লাইনের ফাইল একসাথে টপিকে পোস্ট করে দিবেন। সিএসএস এর কোন ভুল হতেই পারে না।

৯। প্রশ্ন করবেন, কিন্তু, তথ্য চাইলে দিবেন না। যদি কেউ বলে "ভাই, আপনার উইন্ডোজ কি জেনুইন না পাইরেটেড" তাহলে শুরু করে দিন নৈতিক সংগ্রাম। যত কথা বলবেন, লোকে বুঝবে আপনি ততই জ্ঞানী। অবশ্য এত জ্ঞান নিয়ে কেন সমস্যা সমাধান করতে পারেন না সেটা কেউ জিজ্ঞেস করলে বাপ-মা-চৌদ্দ গুষ্ঠির নাম ভুলিয়ে দিবেন।

১০। কোন দৈব-জ্ঞানী আপনার সমস্যা সমাধান করলে, সাথে সাথে নতুন সমস্যা নিয়ে আসবেন। ধন্যবাদ জানানোর কোন বালাই-ই নাই! ১১। একটার পর একটা প্রশ্ন করবেন, কিন্তু, একই থ্রেডে। ভুলেও আলাদা থ্রেডে করবেন না।

১২। যত পারেন রং-বেরংগের লেখা লেখি করবেন। ১৩। অনেক বড় বড় ছবি ডাইরেক্ট পোস্টে বসিয়ে দিবেন। লো স্পীড গোপালের পেইজ লোড হইতে ২ দিন লাগুক তাতে কি? ১৪।

মনে রাখবেন, কাম-নয়-নাম-ই সব। সুতরাং, পোস্টে কিছু থাকুক বা না থাকুক নিজের সাইট বা ব্লগের লিংক দিতে ভুলবেন না। ১৫। ফোরাম সিগনেচারে নিজের বাচ্চাকাচ্চার ছবি রাখবেন। অথবা ২ ফুট লম্বা একটা ব্যানার দিবেন নিজের সাইটের।

১৬। লিংক পোস্ট করার আগে কষ্মিন কালেও নিয়মাবলী পড়বেন না। নিয়মাবলী পড়ছেন তো আপনি আবুল-দি-গ্রেট। ১৭। যদি অন্য ফোরামে সমস্যা সমাধান হয়ে যায় তাহলে বাকি ফোরাম গুলোতে ভুলেও বলবেন না।

১৮। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, সুতরাং, চান্স পাইলেই সমালোচনা করবেন। মনে রাখবেন, যত সমালোচনা করবেন আপনি ততই জ্ঞানী। জানেন আর না জানেন। ১৯।

বাংলা ফোরামে বাংলিশ আর ইংরেজি ফোরামে বিশুদ্ধ বাংলায় পোস্ট করিবেন। নাইলে মান থাকবে না। ২০। আলগা তেল মারায় সিদ্ধ হস্ত হউন। মডারেটর হবার জন্য এডমিন কে, আর ফোরামে নাম কামানোর জন্য, পুরানো সদস্যদের 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' , বস, গুরু ইত্যাদি তৈল মর্দিত সম্ভাষণ সহকারে পোস্ট করুন।

২১। সকল সমস্যার সমাধানের জন্য নিজের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, আর ইমেইল ঠিকানা দিয়ে রাখবেন। ভোর রাতে কেউ সমাধান করে ফেললে জানতে হবে না ২২। ফোরামের কোন সমন্বয়ক/সদস্য আপনার কোন ভুল/দোষ দেখিয়ে দিলে অনেক বড় বড় আবেগপ্রবণ লেখা উপহার দিন এতে তারাও আপনার আবেগে আবেগাপ্লুত হবেন। সংবিধিবদ্ধ সতর্কিকরন: অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.