আমাদের কথা খুঁজে নিন

   

দেশে প্রতি দু’লাখ শিশুর জন্য একজন শিশু চিকিত্সক : রুবেলা ভ্যাকসিন প্রয়োগে সাশ্রয় হবে চার হাজার কোটি টাকা



দেশে প্রতি দু’লাখ শিশুর জন্য রয়েছেন মাত্র একজন শিশু চিকিত্সক। শিশু মৃত্যুর হার হাজারে ৫০-এর বেশি। প্রতিবছর রুবেলা ভাইরাসজনিত রোগের চিকিত্সায় ব্যয় হয় ৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম আয়োজিত এক সেমিনারে বক্তারা এ তথ্য জানান। মাত্র ৩৫ কোটি টাকা খরচে সারাদেশে শিশুদের রুবেলা ভ্যাকসিন দেয়া সম্ভব।

আর সেটি করা গেলে স্বাস্থ্য খাতে ৪ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। সেমিনারে উল্লেখ করা হয়, দেশে প্রতি ২ লাখ ১০ হাজার শিশুর জন্য একজন চিকিত্সক রয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে চিকিত্সা সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। এজন্য এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের শিশু চিকিত্সার ক্লাস ২ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ এবং ইন্টার্নশিপ ১ মাস থেকে ৩ মাসে উন্নীত করাসহ প্রতিটি হাসপাতালে শিশুদের জন্য এক-তৃতীয়াংশ আসন বরাদ্দ করা উচিত। সেমিনারে শিশু চিকিত্সাকে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. গোফরানুল হক বলেন, মেডিকেল শিক্ষা সংস্কার করা প্রয়োজন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান ডাক্তারদের ইন্টার্নশিপ এক বছর থেকে দু’বছরে উন্নীত করা উচিত বলে মন্তব্য করেন। সেমিনারে বক্তারা দেশের প্রতিটি জেলায় একটি করে শিশু হাসপাতাল যাতে তৈরি করা সম্ভব হয়, সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম অঞ্চলের চার কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরেরও দাবি জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রেড ক্রিসেন্টের সভাপতি, সংসদ সদস্য অধ্যাপক ডা. এমএস আকবর।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিত্সা বিজ্ঞানী অধ্যাপক ডা. এমআর খান, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনের সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ, অধ্যাপক ডা. এখলাসুর রহমানসহ বিপিএ’র চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক ডা. আনজুম আরা এবং বিএমএ’র নেতারা। ওই সেমিনারে মরণোত্তর দুই শিশু চিকিত্সকসহ ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.