বাংলা আমার দেশ
বঙ্গবন্ধুর উপর নির্যাতন
সম্প্রতি রয়েল কমনওয়েলথ সোসাইটির উদ্যোগে লণ্ডনের নরদাম্বারল্যাণ্ড অ্যাভিনিউতে অবস্থিত সোসাইটির হলে এক মধ্যাহ্ন বিরতি সভা হয়। এই সভাকে উদ্দেশ্য করে বক্তৃতা দান করার জন্য পাকিস্তানের প্রবল বিরোধিতা সত্ত্বেও জাতিসঙ্ঘে বাংলাদেশের প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে নিমন্ত্রণ করা হয়। বিচারপতি চৌধুরী বাংলাদেশের গণনির্বাচিত নেতা শেখ মুজিবরের উপর বর্তমানে যে অকথ্য নির্যাতন চলছে, শুধু মানবতার খাতিরে সেটাকে বন্ধ করবার জন্য কমনওয়েল্থ রাষ্ট্রসমূহের কাছে আবেদন জানান। তিনি বলেন যে বাংলাদেশ থেকে সদ্য আগত জনৈক দায়িত্বশীল বৃটিশ নাগরিক নিজের উদ্যোগে তার সঙ্গে যোগাযোগ করে তাঁকে জানিয়েছেন যে, পাকিস্তানকে সমর্থন করে জনাব মুজিবর রহমানের কাছ থেকে উক্তি আদায় করার জন্য পাকিস্তানী সৈন্যরা তাঁর উপর অকথ্য অত্যচর চালিয়েছে। এই বৃটিশ নাগরিকের অনুরোধে এবং তার নিরাপত্তার খাতিরে জনাব চৌধুরী তাঁর নাম গোপন রাখতে বাধ্য হচ্ছেন।
জনাব চৌধুরী তাঁর বক্তৃতার প্রারম্ভে বলেন যে, তিনি বাংলাদেশের সরকারী প্রতিনিধি হিসেবেই শ্রোতৃমণ্ডলীকে উদ্দেশ্য করেছেন। তাঁর বক্তৃতায় তিনি পাকিস্তান জঙ্গী-চক্রের নির্মম জাতি নিধন ও ব্যাপক গণহত্যার বর্ণনা করে বলেন যে সভ্যতার গতি আজ বাংলাদেশে থেমে গেছে। যে সভ্যতা গড়ে উঠতে হাজার হাজার বছর লেগেছে সেটাকে যদি কোদ অশুভ শক্তি ধ্বংস করতে চায় তাহলে তাকে রোধ করা সারা বিশ্বের কর্তব্য।
স্বদেশ \ ১ বর্ষ ২ সংখ্যা \ ১ জুলাই ১৯৭১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।