আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ১০

বাংলা আমার দেশ

শেখ মুজিবের বিচার করার অধিকার ইয়াহিয়া সরকারের নেই

প্রখ্যাত আন্তর্জাতিক আইন ও সংবিধান বিশেষজ্ঞ মিঃ সুব্রত রায় চৌধুরী ইয়াহিয়া খান কর্তৃক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গোপনে সামরিক আদালতে বিচারের ধৃষ্ঠতাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইন বিরোধী বলে অভিহিত করেছেন।
জাতিসংঘের সনদ বিবেচনার আন্তর্জাতিক আইন সমিতির কলকাতা শাখার চেয়ারম্যান মিঃ সুব্রত রায় চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিচার প্রসঙ্গে ইয়াহিয়া খানের সাম্প্রতিক বিবৃতির কথা উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রস্তাব ১৯৪৯ সালের ১২ই আগষ্টের চারটি জেনেভা চুক্তির সাধারণ অনুচ্ছেদও তৃতীয় অনুচ্ছেদের বিরোধী। পাকিস্তান এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক ধরনের না হলে ও জেনেভা চুক্তি স্বাক্ষরকারী কোন দেশে কোন সশস্ত্র সংঘর্ষ ঘটলে তা তৃতীয় অনুচ্ছেদের আওতায় আসবে। যুদ্ধাবস্থা স্বীকৃত না হলেও যে কোন গৃহযুদ্ধের ক্ষেত্রে এই অনুচ্ছেদটি প্রযোজ্য।


পাকিস্তানে এখন যে সশস্ত্র সংঘর্ষ চলছে তা আন্তর্জাতিক ধরনের না হলেও তাতে এই অনুচ্ছেদ প্রয়োগ করা যাবে।
যে সব ব্যক্তি সশস্ত্র বিরোধে সক্রিয় অংশ গ্রহণ করেন নি অথবা যারা আÍসমর্পন করেছেন তাঁরা এর আওতায় পড়বেনা। স্বভাবতই শেখ মুজিবর রহমানের ক্ষেত্রে ৩নং অনুচ্ছেদ প্রযোজ্য।
তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ৬ই ডিসেম্বর জাতি সংঘের সাধারণ পরিষদে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকারের সনদ গৃহীত হয়। এই ঘোষণার ২নং ধারায় রাজনৈতিক মতবাদের পূর্ণ স্বাধীনতা স্বীকৃত হয়েছে।

১০ এবং ১১ নং ধারায় প্রতিটি ব্যক্তির কোন অপরাধের জন্য স্বাধীন বিচারালয় দ্বারা ন্যায় এবং প্রকাশ্য বিচারের অধিকার স্বীকৃত। শেখ মুজিবর রহমানের প্রস্তাবিত বিচার এইসব মৌলিক নীতির সম্পূর্ণ অস্বীকৃতি।
জাপান সংসদ সদস্যের বিবৃতি
জাপানের সংসদ সদস্য মিঃ কামিচি মিসিসুরা অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুক্তি দাবী করেছেন। তিনি বলেন যে, বাংলাদেশে নির্বাচনে শেখ মুজিবর রহমানের নেতৃত্বাধীনে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা, অর্জন করেছে।
মিঃ মসিমুরা বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আওয়ামী লীগ ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করার জন্য উথানটের কাছে দাবী জানিয়েছেন।

তিনি বাংলাদেশের সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানোর বিরোধীতা করেন। তিনি বলেন যে, জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কে কিছুই করেনি।
৮ই আগষ্ট মুজিবর রহমান দিবস
বাংলাদেশ মৈত্রী সমিতি আগামী ৮ই আগষ্ট ভারতে মুজিবর রহমান মুক্তি দিবস পালনের উদ্যোগ নিয়েছেন।
ভারতের সংসদের ৪০ জন সদস্য এক যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গোপন বিচারের নামে ইয়াহিয়ার ঘৃণ্য চক্রান্ত সম্পর্কে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য দেশের সর্বত্র সভা-শোভাযাত্রা সংগঠিত করার উদ্দেশ্যে সকল রাজনৈতিক দল ও অন্যান্য সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন।
তাঁরা তাদের বিবৃতিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুক্তির দাবীতে ইয়াহিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য আবেদন জানিয়েছেন।


শেখ মুজিবের জন্য বিশিষ্ট বৃটিশ আইনবিদ
বিশিষ্ট বৃটিশ আইনবিদ মিঃ সীন ম্যাক ব্রাইড বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গোপন বিচার এবং তাঁকে প্রাণদণ্ডে দণ্ডিত করার যে সম্ভাবনা রয়েছে তা রোধ করার ব্যাপারে শীঘ্রই পাকিস্তান সফরে যাবেন বলে জানা গেছে। পাক সামরিক কর্তৃপক্ষ মিঃ ম্যাক ব্রাইডকে তাঁর মক্কেল শেখ মুজিবর রহমানের সাথে দেখা করতে অনুমতি দেবে কিনা তা উদ্বেগের সাথে লক্ষ্য করা হচ্ছে।
জয়বাংলা (১) \ ১ ঃ ১৩ \ ৬ আগস্ট ১৯৭১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।