আমাদের কথা খুঁজে নিন

   

বহুকাল আগে লেখা চিঠি

চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। বহুকাল আগে রক্তাক্ত শার্টের বাম পকেটে ভেজা চিঠিটা তোমার কাছে রয়ে গেছে বিমুর্ত রাত্রি জেগেছো, অঘুমা চোখের শুন্য দৃষ্টির কারণ হয়ে আছে বাম পকেটের রক্তে ভেজা চিঠিটা। এরপর কেটে গেছে বেশ কিছুটা সময় ক্ষয়ে গেছে অনেক অক্ষর রক্তের দাগ লালচে থেকে কালচে হয়েছে, তবুও বাক্য গুলো আগুনের মত জ্বলজ্বল করে প্রতি মুহুর্তে। তোমার সংগ্রহে আছে চিঠিখানা ঠিক যেন সযতনে আগলে রেখেছো কিন্তু ঠিক এমনটা হবার কথা ছিলো না তুমি রক্ষিত রাখবে টকটকে লাল একগুচ্ছ গোলাপ,রক্তে ভেজা চিঠি তোমার কাম্য নয়। আরেকটু সময় যদি পেতাম তোমার জন্য একমুঠো লাল গোলাপ কিনে পাঠাতাম কিন্তু আমার কাছে ফুটো কড়ি অবশিষ্ট ছিলো না তোমার জন্য আর ধরো , যেখানে ভাতের জন্য নিদারুন হাহাকার সেখানে ফুল আসলে কবিতার খাতায় মানানসই।

তারপড়েও অতি কষ্টে একটি ফুল যোগার করেছিলাম তোমার জন্য, রেখেছিলাম আমার শার্টের বাঁ পকেটে ঠিক যেখনে ওরা আমাকে গুলি করেছিলো। শানিত বুলেট আঘাত হানার সাথে সাথেই ছিন্ন ভিন্ন হয়েছিলো আমার বুক এবং পাঁপড়ি! তুমি শুধু চিঠিটাই পেয়েছিলে ছিন্ন ভিন্ন গোলাপটি পদদলিত হয়েছিলো অনেক আগেই। তুমি অনেক কেঁদে ছিলে কাঁদতে কাঁদতে চোখের অবশিষ্ট অশ্রুকণা নিঃশেষ করেছো তবুও আমি আজো বাম পকেটের চিঠি হয়ে বেঁচে আছি আজো। আধুনিক গণতন্ত্র মুচকি হাসি হাসলেও তুমি আমার চোখে স্বপ্ন দেখেছিলে ঠিক যেভাবে মানবিকবোধের ধারালো অস্তিস্ত ধাবমান রাখার তাগিদে পাশে পেয়েছিলাম তোমায়। আমার বুক ক্ষতবিক্ষত হবার আগ মুহুর্তেও আমি তোমার ঠিক পাশেই ছিলাম হয়তো এখনো আছি সেই ভেজা চিঠি হয়ে।

তোমাকে বলি, নিজেকে আর ভেজা চিঠির অক্ষরমালায় আবদ্ধ রেখোনা, সময় তো অনেক হলো যে স্বপ্ন আমার চোখে দেখেছিলে যে অক্ষর তোমার শেষ অশ্রুকণা নিঃশেষ করেছে তাকে আগুন হয়ে জ্বলতে দাও! আমার কম্পিত রক্ত , ধাবিত হোক তোমার শিরা উপশিরায় ধমনী থেকে ধমনীতে, রক্ত ক্ষরণ হোক মস্তিস্কে কিংবা মননে নয়তো কবিতা গুলো ঘৃণায় থুথু দেবে কবিদের! ০৪/০৭/১২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।