চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! সিলেটে এটিএন বাংলার চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমান স্থানীয় পত্রিকায় দ্বিতীয় দফা বিজ্ঞাপন দিয়ে ক্ষমা প্রার্থনা এবং লন্ডনে দেওয়া বক্তব্য প্রত্যাহার করায় গতকাল দুপুরে আন্দোলনরত সংগঠনগুলো কর্মসূচি স্থগিত করে। ফলে আজ রবিবার থেকে সিলেট বিভাগে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার পুনরায় চালু হবে।
গত ৩০ মে লন্ডনে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে সিলেটিদের নিয়ে কটূক্তি করেন। তাঁর এ মন্তব্যের প্রতিবাদে গত কয়েক দিন ধরেই বিভিন্ন সংগঠন সভা সমাবেশ ও মানববন্ধন করে আসছে।
গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে সিলেট বিভাগের চার জেলায় এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করে দেয় স্থানীয় কেব্ল্ অপারেটররা। এ অবস্থায় গত শুক্রবার চ্যানেল দুটির চেয়ারম্যান স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দুঃখ প্রকাশ করলেও তা প্রত্যাখ্যান করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় সংগঠনগুলো। পরে শনিবার আবারও বিজ্ঞাপন দিয়ে মাহফুজুর রহমান লন্ডনে দেওয়া তাঁর বক্তব্য প্রত্যাহার করেন এবং বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সিলেটবাসীর প্রতি অনুরোধ জানান।
এরপর গতকাল শনিবার দুপুরে সিলেট কেব্ল্ সিস্টেমস লিমিটেড (এসসিএস) কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারী সংগঠন এবং সাংবাদিক নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসসিএসের চেয়ারম্যান শাহ জুনেদ আলমের সভাপতিত্বে সভায় আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা এবং এসসিএস কর্তৃপক্ষকে এটিএন চ্যানেল সম্প্রচারের অনুরোধ জানানো হয়।
আজ রবিবার দুপুরে বিভাগের চার জেলার কেব্ল্ অপারেটররা সভা করে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার আবার চালু করবেন বলে জানিয়েছেন এসসিএসের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমদ বাবলা। মতবিনিময় সভায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সচেতন সিলেটবাসী সংগঠনের আহ্বায়ক ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী। সভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর, এসসিএসের পরিচালক বিজয় কুমার দাস দেবু ও এটিএন বাংলার সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।