দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা। আজ বুধবার বিকেল চারটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি মনোনয়নপত্র উত্তোলন করেন। হাবলু মোল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে দলটি ঘোষণা করেছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে তারা দেশজুড়ে বিক্ষোভ করছে।
এর মধ্যে কুষ্টিয়ায় এই নেতা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুললেন।
জানতে চাইলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোকতার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি স্বতন্ত্র একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে হাবলু মোল্লা প্রথম আলো ডটকমকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সম্পর্কে তাঁর নাতি ফিরোজ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচনে লড়ব। ’
এ ব্যাপারে জানতে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনের যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।