আমাদের কথা খুঁজে নিন

   

অপাংক্তেয় কথকথা



১.
হে অসঙ্গায়িত অসুখ, শিমুলের খোসা ফেঁটে
বের হচ্ছে শাদা মেঘফুল।
প্রাতঃভ্রমনে বেরিয়েছে রাখালী বাঁশি
ওই শোন, ওই দূর থেকে শোনা যায়
কেমন কোমল বিলাপ,
এক মনে গাইছে কুঞ্জবনে বিজন সঙ্গীত!

২.
কিভাবে সেজেছ তুমি এই আগুন দিনে?

স্থির হয়ে গ্যাছে সময়, তোমার ঝুলে পড়া চুলে
স্থির হয়ে গ্যাছে সময় , তোমার বঙ্কিমগ্রীবায়
স্থির হয়ে গ্যাছে সময়, তোমার চিরল দাঁতে
স্থির হয়ে গ্যাছে সময়, তোমার কমলা কোয়া ঠোঁটে
স্থির হয়ে গ্যাছে সময়, তোমাকে ঘিরে
স্থির হয়ে গ্যাছে সময়, তোমার সদনে!

৩.
শিরোনামহীন কবিতা তুমি, আশ্রিত শব্দের পদ বিন্যাস!

৪.
তুমি বেলকনিতে একা; হাত বাড়িয়ে দিয়েছ মেঘের আঁচলে
টুপটাপ বৃষ্টির মন্থন তোমার হাতে।
ফুল খেলছে, হাওয়া উড়ছে, বুনো উচ্ছ্বাসে কস্তুরী ঘ্রাণ তোমার বুকে!
রাত তার গ্রীবা ছুঁয়ে, চাঁদের মন্থর গতিতে
চলে যায় কাকডাকা ভোরে ...

এখানে চৈত্রের দুপুর; তোমার আঁচল ঢেকে রেখেছে তোমার পদ্মমুখ!
ইথারে রাতজাগা ক্লান্তি তাই চুপচাপ একাকী বসে রয়, বিষণ্ণ বদন!
আমি রাস্তা পেড়েনোর অঙ্ক কষি,
তুমি রেড সিগন্যাল রেড সিগন্যাল বলে তেড়ে ওঠো!
সরল গানিতিক হিসেবে চলে আসে দ্বি-ঘাত, ত্রি-ঘাত সমীকরণ!

৫.
কখনো সমার্থক কখনো বিপরীত
কখনো মিল কখনো অমিল
এভাবে সম্পর্কগুলো মিলিয়ে দেখা হয়
ইকোয়েশন সাজানো হয়; কোনটাতে কী!
কখন হয় যৌথ প্রযোজনার কোরাস,
মিলে যায় অঙ্ক একরোখা
আবহ সঙ্গীত!

৬.
সব সুন্দর কবিতার পংক্তিতে আসে না,
সব ভালো লাগা প্রকাশ করা যায় না!

৭.
একটা কুসংস্কার ঢাকতে আরেকটা ডেকে আনি
ঈশ্বর জানেন, কোন গলিতে কী।
আমি বেহালা বিকেলের রন্ধ্রে রন্ধ্রে ডুব দিয়ে
ছেনে আনি মৃতাধাঁরের নাম!
হায়াত মউত সব ঈশ্বরের হাতে, ওনার খতিয়ানে
রোজ লিখছে সকাল রাতের আদ্যকথা।
আমি ঘুমঘোর রোজোনামচার আদ্যক্ষরে বুনছি কবিতা
জোছনার মাহুত গিয়েছি কোন অজানায়
কোন ঠিকানায়
কবিতার পংক্তিতে তাই অচ্ছুত আঁধার
একটা কুসংস্কার মনে এলে তাকে ঢেকে দিই আরেকটির অজুহাতে।


৮.
অদ্ভূত আকাশ, সন্ন্যাসে নাগরিক মন
প্রতি মুহূর্তে বোল পাল্টায় শব্দ ও কবিতা!

৯.
সিগারেটের আয়ু কমছে, এসট্রেতে জমছে খেদ!
ইছামতির বাঁকে হাওয়া ঘুরে যায়, বয়সী বটের ডাল
আমি আদিম ঘুমে শয়ন পেতেছি, ইথারে রেখেছি কান
এই অবেলায় কে হায় কে বাজায় মধুরতম গান
আকাশের ঘুম ভাঙ্গিয়ে মস্ত চাঁদ জেগে রয়
ওহে লাজুকলতা, চাঁদের আড়ালে তুমিও বুঝি
চুপচাপ, একাকী, বসে থাকো আনমনে, আপন মনে!


অপাংক্তেয় কথকথা


মডুদের দৃষ্টি আকর্ষণ করছি, ছবি আপলোড হয় না কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।