বিশ্বের বৃহত্তম প্রামাণ্যচিত্রের আসর নেদারল্যান্ডস-এর ‘ইডফা’ এর রজত-জয়ন্তী উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের কামার আহমাদ সাইমন ও সারা আফরীন এর চলচ্চিত্র ‘শুনতে কি পাও!’ এর আগে ‘শুনতে কি পাও!’ বিশ্বের প্রাচীনতম প্রামাণ্য উৎসব জার্মানির ‘ডক-লাইপজিগ’-এর উদ্বোধনী প্রামাণ্যচিত্র হিসাবে আমন্ত্রিত হয়েছে। এছাড়াও প্রামাণ্যচিত্রটি উৎসবের ‘মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা’ বিভাগে সারা বিশ্ব থেকে বাছাইকৃত ১২টি প্রামাণ্যচিত্রের মধ্যে নির্বাচিত হয়েছে। সিনেমাটি নিয়ে কামার আহমাদ সাইমন ও সারা আফরীন সরাসরি ‘ডক লাইপজিগ’ থেকে ‘ইডফা’ যাবেন।
ইউরোপের সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির অন্যতম কেন্দ্রস্থল লাইপজিগে ১৯৫৫ সাল থেকে আয়োজিত হচ্ছে প্রামাণ্যচিত্রের প্রাচীনতম এই উৎসব। বিশ্বের প্রথম সারির অন্যতম এই আসরের লোগো নকশা করেছেন বরেণ্য চিত্রশিল্পী পাবলো পিকাসো।
১১৩টি দেশের ২৮৪৭টি ছবি থেকে বাছাইকৃত ১৯৮টি ছবি বসছে এবারের ৫৫তম আসর। অন্যদিকে বিশ্বের বৃহত্তম প্রামাণ্যচিত্র উৎসব ইডফাতে প্রতি বছর প্রায় ১ লাখ ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। সারা বিশ্ব থেকে জমা পড়া ৩৩০০ ছবি থেকে বাছাই ৩০০ ছবি দেখানো হবে ১১ দিনের ওই আসরে। বিশ্বের প্রথম সারির নির্মাতাদের ছবি নিয়ে ১৯৮৮ থেকে অনুষ্ঠিত হয়ে আসা ইডফা সৃজনশীল ও নিরীক্ষাধর্মী ছবি প্রদর্শনের জন্য সুপরিচিত।
বিশ্ব সেরা দু’টি প্রামাণ্যচিত্র উৎসবে আমন্ত্রিত হওয়ায় বর্ষিয়ান চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম বলেন, ‘সামগ্রিকভাবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটা একটা বিশাল ঘটনা এবং প্রামাণ্যছবির জন্য এটা অবশ্যই বাংলাদেশের এ যাবৎকালের বৃহত্তম অর্জন।
তরুণ নির্মাতাদের হাত ধরে আমাদের চলচ্চিত্র যে নতুন দিনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা তারই ঈঙ্গিত বহন করে। ’
সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রামের রোজকার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শুনতে কি পাও!’ প্রামাণ্যচিত্রটি ইতোমধ্যেই ইডফা, সুইজারল্যান্ড এবং এশিয়ান ফিল্ম ফোরাম ফর ডকুমেন্টারি থেকে প্রতিযোগিতামূলক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে।
Are You Listening! invited to Int'l Documentary Festival of Amsterdam
নেদারল্যান্ডস-এর প্রামাণ্য উৎসব 'ইডফা'তে 'শুনতে কি পাও!' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।