পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে ওঠা ফিক্সিং অভিযোগকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেছেন নজম শেঠি। একই সঙ্গে ব্যাপারটা নিয়ে আইসিসিকে পূর্ণ তদন্ত করার আহ্বানও জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই অন্তর্বর্তী চেয়ারম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজটি পাতানো ছিল কি না, এমন সন্দেহ প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সিরিজের তৃতীয় ম্যাচটির কথা। সেন্ট লুসিয়ায় উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয়েছিল টাই দিয়ে।
খেলাটি টাই হবে—এই ফলাফলের ওপর নাকি অস্বাভাবিক হারে বাজি ধরেছিল জুয়াড়িরা। অভিযোগ উঠেছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিয়েও। সেখানে ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে একটা রানও সংগ্রহ করতে পারেননি দুই পাকিস্তানি ওপেনার। এ সময়ে আসা পাঁচটি রানই এসেছিল অতিরিক্ত থেকে। দুটি ম্যাচই আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কর্মকর্তারা তদন্ত করে দেখবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফিক্সিংয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গতকালই একটা বিবৃতি দেয় পিসিবি। সেখানে দুর্নীতির বিরুদ্ধে বোর্ডের অবস্থান স্পষ্ট করা হয়। ব্যাপারটা আইসিসি তদন্ত করবে বলেও আশা প্রকাশ করা হয়। তবে আজ সোমবার পাকিস্তানের জিও টেলিভিশনকে দেওয়া প্রতিক্রিয়ায় অভিযোগটা প্রত্যাখ্যান করলেন নজম শেঠি, ‘এসব জঘন্য অভিযোগ। আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছি।
অবশ্যই এ ব্যাপারে আইসিসি তদন্ত করে দেখবে। এই মুহূর্তে এর বেশি বলতে পারব না। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।