পাকিস্তানের ম্যাচ পাতানো কেলেঙ্কারি নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন রশিদ লতিফ। ১৯৯৪ সালে ক্রিকেটের এই অন্ধকার দিকটির কথা তিনিই সবার সামনে এনেছিলেন। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক এবার ফাটিয়েছেন আরও একটি বড়সড় বোমা। দানিশ কানেরিয়ার বিরুদ্ধে করা ইংলিশ ক্রিকেট বোর্ডের তদন্তে ভারতের জুয়াড়ি হিসেবে নাম উঠে আসা আনু ভাট পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়মিত অতিথি ছিলেন বলে জানিয়েছেন লতিফ। পাকিস্তানের কয়েকটি সফরে ভাট দলের সঙ্গী ছিলেন—এমন বিস্ফোরক তথ্যও দিয়েছেন এই সাবেক অধিনায়ক!
ভাটকে জুয়াড়ি হিসেবে চিহ্নিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
২০০৯ সালে তাঁর সঙ্গে হাত মিলিয়েই নাকি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতিয়েছিলেন পাকিস্তানি লেগস্পিনার কানেরিয়া। তবে কানেরিয়ার পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়েই লতিফ বলেছেন, ভাট আদৌ জুয়াড়ি কি না, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। কারণ ভারতের করা তালিকায় জুয়াড়ি হিসেবে ভাটের নাম নেই।
হয়তো ভাটকে নিষ্কলুষই বলতে চান লতিফ। সেটা বলতে গিয়েই লতিফ বলেছেন, ‘এই ভাট একসময় নিয়মিত অতিথি ছিল পিসিবির।
২০০৫ ও ২০০৬ সালে পাকিস্তানের ভারত ও ইংল্যান্ড সফরের সময় সে পিসিবির অতিথি ছিল। এরপর সে পাকিস্তান দলের সঙ্গে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও গিয়েছিল। ’
কানেরিয়ার বিরুদ্ধে যে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়েছে, সেখানেও অনেক অস্পষ্টতা আছে বলে দাবি করেছেন লতিফ। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের পক্ষে ৩৭টি টেস্ট ও ১৬৬টি ওয়ানডে খেলেছেন লতিফ। ২০০৩ সালে স্পট ফিক্সিং ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইসিসির উদ্দেশে একটি খোলা চিঠিও লিখেছিলেন।
সূত্র: পিটিআই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।