আমাদের কথা খুঁজে নিন

   

আমার চিন্তা

seremos como el Che

কালের চাদরে ঢাকা সময়ের নরকঙ্কাল মাড়িয়ে আমরা ছুটে চলি দুর্বার গতিতে। চাই সময়কে পেছনে ফেলতে। উচ্চাকাঙ্খার করাল গ্রাসে পদদলিত হয় মানুষের মানবতা। নিষ্ঠুরতায় সময় থমকে দাঁড়ায়, ছুঁয়ে দেখতে চায় দিগন্তের সূর্যটাকে। কিন্তু সূর্যের দেখা মেলে না, নীরবে সে লক্ষ্য করে যায় মনুষ্যত্বের পতন।

নির্যাতিত মানুষের প্রত্যেকটি চিৎকারে কম্পিত হয় এ পৃথিবীর সমস্ত দেয়াল। অসুস্থ বাতাসে ভরে যায় এ নির্মল, উচ্ছল পৃথিবী, ভালবাসা হয়ে পড়ে সন্দিহান। প্রত্যেকটি বুলেট বলে যায় এই পৃথিবীর ভয়ংকর সমাপ্তির কথা... তবু জেগে থাকে আশা, কিছু মানুষের অন্তরের গভীরে। অযাচিত কোন সময়ের ফাঁকে মনে পড়ে ভালবাসার মানুষটাকে, অদ্ভুত আনন্দে ভরে যায় মনটা। কিন্তু খুবই অল্প সময়ের জন্য।

পরমূহুর্তেই তীব্র ঢেউ এর তোড়ে ভেসে আসে দুঃখের বাতাস। মনুষ্যত্বের গভীরতা পরাজিত হয় মানুষের অমানুষিকতার কাছে। ফিরে আসে সেই পুরনো অবস্থা... এত সব কিছুর পরও আমাদের ছুটে চলা থামে না, সময়কে পেছনে ফেলার চিন্তাটা থেকে যায় আমাদের ক্রমোজোমের প্রত্যেকটি কণাতে। হার স্বীকার করতে আমাদের ভয় হয়। জয় আমাদের ছিনিয়ে আনতে হবেই, সে যে করেই হোক।

সেজন্য মানবতার কোমল অংশগুলো জলাঞ্জলি দিতে আমাদের বিবেক এতটুকু সাড়া দেয়না... সহ্যের সব অসহ্য সীমা পার হয়ে আমরা বেঁচে থাকি আমাদের জন্য। মরতে আমরা ভয় পাই, ভালবাসি পরাজিত মানুষ হয়ে বেঁচে থাকতে। পরাজিত মানুষ হয়েই বেঁচে থাকি আমরা, আমাদের সুপ্ত সম্ভাবনাটাকে গলাটিপে হত্যা করে... এই বেঁচে থাকা সত্যিই কোন অর্থ বহন করে কি? ৭ই অক্টোবর, ২০০৬, ব্যাঙ্গালোর, ইন্ডিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।